অপরাধ
ছবি: সংগৃহীত

নতুন মামলায় পলক-আনিসুল-সালমান-কামরুলসহ ছয় নেতা গ্রেপ্তার।

নিজেস্ব প্রতিবেদক:

জুলাই আন্দোলনের সময় সংঘটিত সহিংসতার ঘটনায় ঢাকার যাত্রাবাড়ী থানার দায়েরকৃত তিনটি পৃথক মামলায় সাবেক মন্ত্রী, এমপি ও সরকারি কর্মকর্তাসহ ছয়জনকে আনুষ্ঠানিকভাবে গ্রেপ্তার দেখিয়েছে পুলিশ।

বুধবার (২৭ আগস্ট) মহানগর হাকিম আরিফুল ইসলাম তদন্ত কর্মকর্তাদের আবেদনের ভিত্তিতে এ গ্রেপ্তারি আবেদন মঞ্জুর করেন।

গ্রেপ্তার দেখানোদের মধ্যে রয়েছেন সাবেক আইনমন্ত্রী আনিসুল হক, সাবেক প্রধানমন্ত্রীর বেসরকারি শিল্প ও বিনিয়োগ উপদেষ্টা সালমান এফ রহমান, তথ্যপ্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক ও যাত্রাবাড়ী থানার সাবেক ওসি আবুল হাসান। এ চারজনকে স্থানীয় এক দোকানকর্মী রাসেল মিয়া হত্যার মামলায় গ্রেপ্তার দেখানো হয়েছে।

অন্যদিকে মেহেদী হাসান প্রান্ত হত্যাকাণ্ডের মামলায় সাবেক খাদ্যমন্ত্রী কামরুল ইসলাম এবং ইমরান হাসান হত্যা মামলায় সাবেক স্বরাষ্ট্র সচিব চৌধুরী জাহাঙ্গীর আলমকে গ্রেপ্তার দেখানোর আবেদন মঞ্জুর হয়।

পুলিশ সূত্রে জানা যায়, কামরুল ইসলামের বিষয়ে তদন্ত কর্মকর্তা এসআই ফকরুল হাসান ফারুক ও জাহাঙ্গীর আলমের বিষয়ে এসআই নাহিদ হাসান আদালতে আবেদন করেন। বাকিদের বিরুদ্ধে আবেদন করেন এসআই মোহাম্মদ জহির উদ্দিন।

আদালত শুনানির জন্য বুধবার তারিখ ধার্য করে এবং সেদিন আসামিদের হাজির করার পর আবেদনে সায় দেন। অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর শামসুদ্দোহা সুমন জানান, আদালত তদন্ত কর্মকর্তাদের আবেদনের ভিত্তিতে সিদ্ধান্ত দিয়েছে।

মামলার বিবরণী অনুযায়ী,

  • রাসেল হত্যা মামলা: ১৯ জুলাই কুতুবখালী এলাকায় আন্দোলনের সময় গুলিবিদ্ধ হয়ে মারা যান রাসেল মিয়া। এ ঘটনায় তার বোন আকলিমা আক্তার হত্যা মামলা করেন।

  • প্রান্ত হত্যা মামলা: একইদিন রায়েরবাগ বাসস্ট্যান্ড এলাকায় মিছিলে যোগ দিয়ে গুলিবিদ্ধ হয়ে নিহত হন প্রান্ত। এ মামলায় তার চাচা নাদিম বাদী হয়ে শেখ হাসিনাসহ ৯৪ জনের বিরুদ্ধে মামলা করেন।

  • ইমরান হত্যা মামলা: ৫ আগস্ট আন্দোলনের শেষ দিনে গুলিতে প্রাণ হারান ইমরান হাসান। তার মা কোহিনুর আক্তার শেখ হাসিনাসহ ২৯৮ জনকে আসামি করে মামলা দায়ের করেন।

মতামত দিন