আন্তর্জাতিক
ছবি: সংগৃহীত

রাশিয়ার সঙ্গে সম্পর্কের প্রভাব: আজ থেকে ভারতের ওপর ৫০ শতাংশ শুল্ক কার্যকর

নিজেস্ব প্রতিবেদক:

রাশিয়ার সঙ্গে ভারতের ব্যবসায়িক সম্পর্কের কারণে কঠিন পরিস্থিতিতে পড়েছে ভারত। বুধবার (২৭ আগস্ট) থেকে যুক্তরাষ্ট্র ভারত থেকে আমদানি হওয়া পণ্যের ওপর অতিরিক্ত ২৫ শতাংশ শুল্ক আরোপ করতে যাচ্ছে, যার ফলে মোট শুল্কের হার ৫০ শতাংশে পৌঁছেছে।

মার্কিন প্রশাসনের এক নির্দেশিকায় বলা হয়েছে, ভারতের রাশিয়ার সঙ্গে বাণিজ্য, বিশেষ করে তেল ক্রয়, ট্রাম্প প্রশাসনের জন্য ‘হুমকি মোকাবিলার’ অংশ হিসেবে ধরা হয়েছে। শুল্ক আরোপের এই সিদ্ধান্তের ঘোষণা ইতোমধ্যেই দিয়েছিলেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প, এবং তার প্রশাসন আনুষ্ঠানিক নির্দেশিকা প্রকাশ করেছে।

নির্দেশিকাটি মার্কিন শুল্ক ও সীমান্ত সুরক্ষা বিভাগ তৈরি করেছে, যা ট্রাম্প প্রশাসনের হোমল্যান্ড সিকিউরিটি দপ্তরের তত্ত্বাবধানে। এতে বলা হয়েছে, ২৭ আগস্ট যুক্তরাষ্ট্রের পূর্বাঞ্চলীয় সময় রাত ১২টা ১ মিনিট থেকে শুল্ক কার্যকর হবে। ভারতীয় সময় অনুযায়ী এটি বুধবার সকাল ৯টা ৩১ মিনিটে শুরু হবে।

সংবাদমাধ্যমের প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে, বাড়তি শুল্কারোপের প্রভাবে ভারতের রপ্তানি নির্ভর খাতগুলো—পোশাক, হীরা, চিংড়িসহ বহু শিল্পে প্রভাব পড়বে। বিশেষ করে সস্তা শ্রমের পোশাক শিল্প উল্লেখযোগ্যভাবে ক্ষতিগ্রস্ত হতে পারে।

এই পরিস্থিতিতে ভারতের অর্থনৈতিক অগ্রগতি ধরে রাখার জন্য নতুন নীতিমালা ও কৌশল গ্রহণের  প্রয়োজন দেখা দিয়েছে। স্বাধীনতা দিবসে দিল্লির লালকেল্লা থেকে জনসভার ভাষণে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ইঙ্গিত দিয়েছেন যে, দেশকে নিজের ক্ষমতা ও সম্পদের ওপর নির্ভর করতে হবে। তিনি আরও বলেন, “আমাদেরকে হতাশ হয়ে বসে থাকতে হবে না; গর্ব ও আত্মবিশ্বাসের সঙ্গে নিজস্ব শক্তি ব্যবহার করে এগিয়ে যেতে হবে। বৈশ্বিক অর্থনৈতিক স্বার্থপরতার সঙ্গে আমাদের মানিয়ে নিতে হবে।”

মতামত দিন