গাজায় গণহত্যা ঠেকাতে মুসলিম ঐক্যের আহ্বান ইরান ও সৌদি আরবের।
গাজায় ইসরায়েলি হামলা বন্ধে মুসলিম দেশগুলোকে যৌথভাবে এগিয়ে আসার আহ্বান জানিয়েছে ইরান ও সৌদি আরব। মঙ্গলবার সৌদি আরবের জেদ্দায় ইসলামিক সহযোগিতা সংস্থা (ওআইসি) বৈঠকের আগে পার্শ্ব আলোচনায় দুই দেশের পররাষ্ট্রমন্ত্রী এ অবস্থান ব্যক্ত করেন।
ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচি ও সৌদি পররাষ্ট্রমন্ত্রী ফয়সাল বিন ফারহান বৈঠকে জোর দিয়ে বলেন, গাজার নিরীহ মানুষ হত্যার অবসান ঘটাতে মুসলিম বিশ্বের ঐক্য অপরিহার্য। পাশাপাশি দ্রুত মানবিক সহায়তা পৌঁছানো এবং ইসরায়েলের ফিলিস্তিনি ভূখণ্ডে সম্প্রসারণের পরিকল্পনা প্রতিহত করতে সমন্বিত উদ্যোগ নিতে হবে।
ওই বৈঠকে দুই মন্ত্রী ইরান-সৌদি সম্পর্কের উন্নয়ন, আঞ্চলিক সহযোগিতা ও রাজনৈতিক-অর্থনৈতিক যোগাযোগ বাড়ানোর বিষয়েও আলোচনা করেন। কূটনৈতিক বিশ্লেষকদের মতে, দীর্ঘদিনের প্রতিদ্বন্দ্বী এই দুই দেশ যদি একসঙ্গে কাজ করে, তবে পশ্চিম এশিয়ার ভূরাজনীতিতে নতুন ভারসাম্য তৈরি হতে পারে, যা সংলাপ ও পারস্পরিক শ্রদ্ধার নীতির ওপর দাঁড়াবে।
২০২৩ সালের অক্টোবরে গাজায় যুদ্ধ শুরুর পর থেকে এ পর্যন্ত অন্তত ৬২ হাজার ফিলিস্তিনি নিহত হয়েছেন, যাদের বড় অংশ নারী ও শিশু। সাম্প্রতিক সময়ে গাজা সিটিতে নতুন দখল অভিযান শুরু হওয়ায় মানবিক সংকট আরও তীব্র হওয়ার আশঙ্কা দেখা দিয়েছে।
মতামত দিন