হুতিদের ক্ষেপণাস্ত্রে আতঙ্ক, ইসরায়েলে ফ্লাইট স্থগিত।
ইয়েমেনের হুতিদের নিক্ষেপ করা একটি ক্ষেপণাস্ত্র শুক্রবার (২২ আগস্ট) ইসরায়েলের আকাশসীমায় প্রবেশ করলে কেন্দ্রীয় অঞ্চলে হঠাৎ সতর্ক সাইরেন বেজে ওঠে। ঘটনাটির পর বেন গুরিয়ন আন্তর্জাতিক বিমানবন্দর থেকে সব ফ্লাইট সাময়িকভাবে বন্ধ রাখার সিদ্ধান্ত নেয় কর্তৃপক্ষ।
ইসরায়েলি সেনাদের প্রাথমিক তথ্য অনুযায়ী, ক্ষেপণাস্ত্রটি মাঝ আকাশে ভেঙে যায়। এর কিছু অংশ প্রতিরক্ষা ব্যবস্থায় আটকানো সম্ভব হলেও টুকরো ধ্বংসাবশেষ লড শহরের কাছে গ্যানাটন এলাকায় গিয়ে পড়ে। এ ঘটনার পর সংশ্লিষ্ট এলাকায় নিরাপত্তা জোরদার করা হয়েছে।
জরুরি সেবাদানকারী সংস্থা মাগেন ডেভিড আদম (এমডিএ) জানিয়েছে, সরাসরি কোনো ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি। তবে আতঙ্কে আশ্রয়কেন্দ্রে ছুটতে গিয়ে কয়েকজন আহত হয়েছেন।
দিনের শুরুর দিকেই হুতিদের ছোড়া একটি ড্রোন ইসরায়েলের আয়রন ডোম প্রতিরক্ষা ব্যবস্থা ধ্বংস করে। এ সময় গাজার সীমান্তবর্তী একাধিক এলাকায় টানা সাইরেন বাজতে থাকে। প্রথমে সতর্কতা সীমিত থাকলেও পরে তা ডেকেল, তালমি ইয়োসেফ, মিভতাহিম, ইয়েশা ও আরও কয়েকটি অঞ্চলে ছড়িয়ে পড়ে।
হুতিদের পক্ষ থেকে এ বিষয়ে এখনো কোনো আনুষ্ঠানিক প্রতিক্রিয়া পাওয়া যায়নি।

মতামত দিন