আন্তর্জাতিক
ছবি: সংগৃহীত

যুক্তরাষ্ট্রে ট্রাক চালকদের বিদেশি ভিসা স্থগিত, নিরাপত্তা নিয়ে উদ্বেগ।

নিজেস্ব প্রতিবেদক: 

ফ্লোরিডায় সড়ক দুর্ঘটনায় তিনজনের মৃত্যুর ঘটনায় দেশজুড়ে তীব্র আলোচনার পর বিদেশি ট্রাকচালকদের কর্ম ভিসা প্রদান সাময়িকভাবে বন্ধ করেছে ট্রাম্প প্রশাসন।

পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও সামাজিক যোগাযোগমাধ্যমে জানান, অবিলম্বে বিদেশি চালকদের ভিসা  অনুমোদন বন্ধের নির্দেশ দেওয়া হয়েছে।

তার দাবি, অতিরিক্ত বিদেশি চালক মার্কিন সড়কে ঝুঁকি তৈরি করছে এবং স্থানীয় কর্মসংস্থান হুমকির মুখে ফেলছে।

ফ্লোরিডার দুর্ঘটনায় অভিযুক্ত ভারতীয় বংশোদ্ভূত এক চালক অবৈধভাবে যুক্তরাষ্ট্রে প্রবেশ করেছিলেন এবং ইংরেজি পরীক্ষায়ও উত্তীর্ণ হতে পারেননি। তিনি বেআইনি ইউ-টার্ন নিলে তিনজন নিহত হন। ঘটনার পর রিপাবলিকান নেতারা কঠোর অবস্থান নেন। তার বিরুদ্ধে মামলা চলমান এবং প্রত্যর্পণ প্রক্রিয়ায় ক্যালিফোর্নিয়া প্রশাসন সহযোগিতা করছে।

পরিবহনমন্ত্রী শন ডাফি মন্তব্য করেন, দায়িত্বজ্ঞানহীন সিদ্ধান্তের কারণেই এ ধরনের দুর্ঘটনা ঘটছে। তিনি ঘোষণা দেন, ভবিষ্যতে ট্রাকচালকদের ইংরেজি জানাটা বাধ্যতামূলক হবে। আগে অবশ্য ভাষাগত কারণে লাইসেন্স বাতিলের বিধি শিথিল করা হয়েছিল।

তথ্য অনুযায়ী, দুই দশকে যুক্তরাষ্ট্রে বিদেশি বংশোদ্ভূত ট্রাকচালকের সংখ্যা দ্বিগুণ হয়ে ৭ লাখ ২০ হাজারে দাঁড়িয়েছে। বর্তমানে এ খাতের প্রায় ১৮ শতাংশ চালকই বিদেশি, যারা মূলত লাতিন আমেরিকা, ভারত ও ইউরোপ থেকে এসেছেন।

অন্যদিকে, দেশটিতে প্রায় ২৪ হাজার ট্রাকচালকের সংকট রয়েছে। ফলে সাপ্তাহিকভাবে পণ্য পরিবহন খাতে প্রায় ৯ কোটি ৫০ লাখ ডলার লোকসান গুনতে হচ্ছে।

মতামত দিন