পিআর পদ্ধতির নাম ব্যবহার করে নির্বাচনকে পেছানোর অপচেষ্টা চালানো হচ্ছে: মীর সরফত আলী সপু।
মুন্সীগঞ্জের শ্রীনগর উপজেলায় স্বেচ্ছাসেবক দলের ৪৫তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে পরিচ্ছন্নতা অভিযান ও সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির স্বেচ্ছাসেবক বিষয়ক সম্পাদক ও ঢাকা কলেজের সাবেক ভিপি মীর সরফত আলী সপু। তিনি বলেন, দেশের বিভিন্ন এলাকায় বিএনপির সাফল্য ও জয়জয়কার দেখে কিছু মহল ঈর্ষান্বিত হয়ে পিআর পদ্ধতির নাম ব্যবহার করে নির্বাচন পেছানোর ষড়যন্ত্রমূলক চেষ্টা চালাচ্ছে।
মীর সরফত আলী সপু আরও বলেন, “দেশের সব সেক্টর ফ্যাসিবাদের কারণে নষ্ট হয়ে গেছে। এগুলো থেকে বের হতে হলে সবাইকে একযোগে কাজ করতে হবে। ঐক্যবদ্ধভাবে এগিয়ে গেলে আমরা দেশের উন্নয়ন নিশ্চিত করতে পারব।”
সমাবেশে সভাপতিত্ব করেন শ্রীনগর উপজেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি কাজী শামীম ইমাম সাচ্চু। প্রধান অতিথির বক্তব্যের পাশাপাশি উপস্থিত ছিলেন স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় সহসভাপতি ডা. জাহিদুল কবির, মুন্সীগঞ্জ জেলা বিএনপির আহ্বায়ক সদস্য আওলাদ হোসেন উজ্জ্বল ও জসিম মোল্লা, শ্রীনগর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান তাজুল ইসলাম, জেলা মহিলা দলের সভাপতি সেলিনা আক্তার বিনা, জেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক প্রিন্স নাদিম, সিরাজদিখান উপজেলা ছাত্রদলের সভাপতি সাফকাত হোসেন রকিসহ অন্যান্য নেতাকর্মীরা।
অনুষ্ঠানের সঞ্চালনা করেন মুন্সীগঞ্জ জেলা নারী ও শিশু অধিকার ফোরামের সাংগঠনিক সম্পাদক মাহামুদ হাসান ফাহাদ। সমাবেশ শেষে খাল পরিষ্কার, বৃক্ষরোপণ ও ফগার মেশিন ব্যবহার করে মশা নিধনের কার্যক্রম পরিচালনা করা হয়।

মতামত দিন