সারাদেশে বিশেষ অভিযানে ১ হাজার ৭২৭ জন গ্রেপ্তার।
বিজ্ঞপ্তিতে বলা হয়, এই অভিযানে মামলা ও ওয়ারেন্টভুক্ত ১ হাজার ১৭৭ জন এবং অন্যান্য ঘটনায় ৫৫০ জনকে গ্রেপ্তার করা হয়েছে। অভিযানে উদ্ধার করা হয়েছে ১টি বার্মিজ চাকু, ১টি একনলা বন্দুক, ২টি এলজি, ১টি কিরিচ, ১টি রামদা ও ১টি কার্তুজ। পুলিশ জানিয়েছে, বিশেষ অভিযান চলমান থাকবে।
এদিকে রাজধানীর কামরাঙ্গীরচর থানার পুলিশ একটি চাঞ্চল্যকর হত্যা মামলার মূল আসামি রাব্বি (২০)কে ২৪ ঘণ্টার মধ্যে গ্রেপ্তার করেছে। বুধবার (২০ আগস্ট) রাতে ব্যাটারিঘাট এলাকায় অভিযান চালিয়ে তাকে আটক করা হয়। তার হেফাজত থেকে হত্যাকাণ্ডে ব্যবহৃত রশি উদ্ধার করা হয়েছে।
থানা সূত্রে জানা গেছে, মঙ্গলবার (১৯ আগস্ট) দুপুরে ব্যাটারিঘাট এলাকায় ময়লার স্তূপে অজ্ঞাতনামা ব্যক্তির অর্ধগলিত মৃতদেহ পাওয়া যায়। এর ভিত্তিতে কামরাঙ্গীরচর থানায় হত্যা মামলা রুজু করা হয়। তদন্তকালে প্রাপ্ত তথ্য ও সাক্ষ্যের মাধ্যমে রাব্বির এই হত্যাকাণ্ডে জড়িত থাকার প্রমাণ মেলে। পরে গোয়েন্দা তথ্য ও প্রযুক্তির সাহায্যে তার অবস্থান শনাক্ত করে তাকে গ্রেপ্তার করা হয়।
রাব্বি হত্যা ঘটনার সঙ্গে নিজেকে জড়িত থাকার কথা স্বীকার করে এবং ফৌজদারি কার্যবিধির ১৬৪ ধারায় আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছে। তিনি জানিয়েছেন, তারা পূর্বপরিকল্পিতভাবে সাব্বিরকে হত্যা করে মৃতদেহ ময়লার স্তূপে লুকিয়ে রাখে।

মতামত দিন