আন্তর্জাতিক
ছবি: সংগৃহীত

ভারতের পাকিস্তানের আকাশসীমায় চলাচল নিষিদ্ধ রাখার মেয়াদ আবারও বাড়িয়েছে পাকিস্তান।

নিজেস্ব প্রতিবেদক:

ভারতের সামরিক ও বেসামরিক উড়োজাহাজের জন্য নিজেদের আকাশসীমায় চলাচল নিষিদ্ধ রাখার মেয়াদ আবারও বাড়িয়েছে পাকিস্তান। সর্বশেষ সিদ্ধান্ত অনুযায়ী, আগামী ২৩ সেপ্টেম্বর পর্যন্ত এই নিষেধাজ্ঞা কার্যকর থাকবে।

পাকিস্তান এয়ারপোর্ট অথরিটি (পিএএ) সামাজিক যোগাযোগমাধ্যমে জানায়, ভারতের মালিকানাধীন কিংবা লিজ নেওয়া সব এয়ারলাইন্সের উড়োজাহাজ—সামরিক হোক বা বেসামরিক—কোনোটিই ওই সময়ের আগে পাকিস্তানের আকাশে প্রবেশ করতে পারবে না।

এ নিষেধাজ্ঞার পেছনে মূল প্রেক্ষাপট তৈরি হয় গত ২২ এপ্রিল জম্মু–কাশ্মীরের পেহেলগামে ঘটে যাওয়া সন্ত্রাসী হামলার পর, যেখানে ২৫ জন ভারতীয় পর্যটক প্রাণ হারান। এর জের ধরে ভারত একতরফাভাবে সিন্ধু নদের পানি চুক্তি স্থগিত করে। পাল্টা প্রতিক্রিয়ায় ২৪ এপ্রিল পাকিস্তান ভারতীয় উড়োজাহাজের জন্য আকাশসীমা বন্ধ করে দেয়।

এরপর থেকে কয়েক দফায় মেয়াদ বাড়ানো হয়েছে। সর্বশেষ ঘোষণায় নিষেধাজ্ঞার মেয়াদ ছিল ২২ আগস্ট পর্যন্ত। নতুন নোটিশে তা বাড়িয়ে ২৩ সেপ্টেম্বর করা হলো।

শুধু পাকিস্তানই নয়, ৩০ এপ্রিল থেকে ভারতও পাল্টা পদক্ষেপ নেয়। ওই দিন তারা পাকিস্তান ও পাকিস্তানের সঙ্গে সম্পৃক্ত সব ধরনের উড়োজাহাজের জন্য নিজেদের আকাশসীমা বন্ধ করে দেয়। ফলে দুই দেশের মধ্যে বিমান চলাচল জটিল হয়ে ওঠে, এবং অনেক আন্তর্জাতিক রুটেই সময় ও খরচ বেড়ে গেছে।

মতামত দিন