গাজায় যুদ্ধ বন্ধের দাবিতে বিক্ষোভকারীদের কঠোর সমালোচনা করেছেন নেতানিয়াহু।
ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু দেশজুড়ে গাজায় যুদ্ধ বন্ধের দাবিতে বিক্ষোভকারীদের কড়া সমালোচনা করেছেন। তিনি বলেছেন, এই বিক্ষোভ শুধু হামাসের অবস্থানকে মজবুত করছে এবং জিম্মিদের মুক্তি সংক্রান্ত দাবিকে পিছিয়ে দিচ্ছে।
মন্ত্রিসভার বৈঠকে নেতানিয়াহু ২০২৩ সালের হামলার প্রসঙ্গ তুলে বলেন, যারা আজ হামাসকে পরাজিত না করে যুদ্ধ বন্ধের আহ্বান জানাচ্ছেন, তারা অনিচ্ছাকৃতভাবে ৭ অক্টোবরের ভয়াবহ পরিস্থিতি পুনরায় তৈরি করতে সাহায্য করছেন।
এদিকে, গাজায় আটক জিম্মিদের মুক্তি চেয়ে ইসরায়েলের বিভিন্ন শহরে বিক্ষোভ চলছে। রাজধানী তেল আবিবে বিশেষত লক্ষাধিক মানুষ অংশ নেন। হোস্টেজেস অ্যান্ড মিসিং ফ্যামিলিজ ফোরামের বরাতে জানা গেছে, সারা দেশে এক মিলিয়নেরও বেশি মানুষ বিক্ষোভে নামেন।
বিক্ষোভকারীরা লিকুদ পার্টির কার্যালয়ের সামনে আগুন ধরালে পুলিশ জলকামান ব্যবহার করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং ৩০-এর বেশি বিক্ষোভকারীকে আটক করা হয়। আয়ালন হাইওয়ে অবরোধের চেষ্টা ব্যর্থ হয়।
নিরাপত্তা মন্ত্রিসভা গাজায় সামরিক নিয়ন্ত্রণ প্রতিষ্ঠার পরিকল্পনা অনুমোদন করেছে। কর্মকর্তারা বলছেন, এটি হামাসকে দুর্বল করতে জরুরি। তবে সমালোচকরা মনে করছেন, এতে জিম্মিদের মুক্তি আরও জটিল হয়ে যেতে পারে।
২০২৩ সালের ৭ অক্টোবর হামাসের হামলায় ২৫১ জন ইসরায়েলিকে জিম্মি করা হয়েছিল। এর মধ্যে ১৪৮ জন মুক্তি পেয়েছেন। এখনো প্রায় ৫০ জন গাজায় আটক আছেন, তবে অন্তত অর্ধেকের বেঁচে থাকার সম্ভাবনা নেই বলে কর্মকর্তারা জানাচ্ছেন।
সূত্র: এএফপি, শাফাক নিউজ

মতামত দিন