কুয়াকাটার সাগরে ট্রলারডুবি, ১১ ঘণ্টা ভেসে থেকে ১০ জেলের প্রাণরক্ষা।
পটুয়াখালীর কুয়াকাটা উপকূলে মাছ ধরার একটি ট্রলার ডুবে যাওয়ার পর ১০ জেলে অলৌকিকভাবে প্রাণে বেঁচে গেছেন। রোববার (১৭ আগস্ট) রাত ৯টার দিকে কুয়াকাটা থেকে প্রায় ১০ কিলোমিটার গভীর সাগরে এ দুর্ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা যায়, সাগরে উত্তাল ঢেউ উঠতে শুরু করলে জেলেরা মাছ ধরা বন্ধ করে তীরে ফিরছিলেন। এ সময় ট্রলারটি ডুবোচরে আটকে গেলে শক্তিশালী ঢেউয়ের আঘাতে মুহূর্তেই ডুবে যায়। হঠাৎ বিপদে পড়া জেলেরা পানির কন্টেইনার ও জালের ফ্লোট আঁকড়ে ধরে ভেসে থাকতে থাকেন দীর্ঘ ১১ ঘণ্টা।
অবশেষে সোমবার (১৮ আগস্ট) সকাল ৮টার দিকে পাথরঘাটার কচিখালী এলাকা থেকে আরেকটি মাছ ধরার বোট তাদের উদ্ধার করে। উদ্ধার হওয়া জেলেদের মধ্যে খোকন, মিরাজ, এনামুল ও মাসুম প্যাদার নাম পাওয়া গেছে। অন্যদের নাম এখনও প্রকাশ হয়নি।
ডুবে যাওয়া ট্রলারের মালিক খোকন হাওলাদারের চাচা জুম্মান হাওলাদার জানান, খবর পেয়ে স্থানীয় জেলেরা উদ্ধার কাজে অংশ নেন। বর্তমানে সবাই নিরাপদে আছেন।
স্থানীয় জেলেরা আরও জানিয়েছেন, সমুদ্র এখন ভয়াল উত্তাল থাকায় আলীপুর, মহিপুরসহ আশপাশের এলাকার অধিকাংশ ট্রলার নদী ও খালে নোঙর করে সাগরে নামা বন্ধ রেখেছে।
মতামত দিন