বান্দরবানে ড্রাগন বাগান থেকে রোহিঙ্গা যুবকের গলাকাটা লাশ উদ্ধার।
বান্দরবানের নাইক্ষ্যংছড়িতে নুরুল আবছার (২২) নামে এক রোহিঙ্গা যুবকের গলাকাটা মরদেহ উদ্ধার করেছে পুলিশ। রোববার (১৭ আগস্ট) দুপুরে ঘুমধুম ইউনিয়নের কচুবনিয়া এলাকায় কুমির প্রজনন কেন্দ্রসংলগ্ন একটি ড্রাগন বাগান থেকে লাশটি উদ্ধার করা হয়।
নিহত আবছার কক্সবাজারের উখিয়ার ১৮ নম্বর রোহিঙ্গা ক্যাম্পের জি ব্লকের বাসিন্দা জাফর আলমের ছেলে। তিনি অটোরিকশা চালক হিসেবে জীবিকা নির্বাহ করতেন। পরিবার জানায়, শনিবার সকালে অটোরিকশা নিয়ে বাড়ি থেকে বের হয়ে যান তিনি। এরপর আর তার কোনো খোঁজ মেলেনি। রাতে যোগাযোগ না পেয়ে স্বজনরা খোঁজাখুঁজি শুরু করেন।
রোববার সকালে স্থানীয়রা ড্রাগন বাগানে তার গলাকাটা লাশ দেখতে পেয়ে পুলিশকে খবর দেন। তবে তার অটোরিকশা ও মোবাইল ফোন এখনো উদ্ধার হয়নি।
নাইক্ষ্যংছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাসরুরুল হক জানান, নিহতের গলায় ধারালো অস্ত্রের আঘাতের চিহ্ন পাওয়া গেছে। কারা এ হত্যাকাণ্ড ঘটিয়েছে তা এখনো নিশ্চিত নয়। প্রাথমিকভাবে এটিকে পরিকল্পিত হত্যাকাণ্ড মনে করা হচ্ছে। তদন্ত শেষে বিস্তারিত জানা যাবে।

মতামত দিন