প্রধান বিচারপতির সঙ্গে মার্কিন ভারপ্রাপ্ত রাষ্ট্রদূতের বৈঠক।
ঢাকায় নিযুক্ত যুক্তরাষ্ট্রের ভারপ্রাপ্ত রাষ্ট্রদূত ট্রেসি অ্যান জ্যাকবসন প্রধান বিচারপতি ড. সৈয়দ রেফাত আহমেদের সঙ্গে সৌজন্য বৈঠক করেছেন। বৃহস্পতিবার (১৪ আগস্ট) দুপুরে রাজধানীর হেয়ার রোডে প্রধান বিচারপতির বাসভবনে এ বৈঠক অনুষ্ঠিত হয়।
সুপ্রিম কোর্টের গণসংযোগ কর্মকর্তা মো. শফিকুল ইসলাম স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, বৈঠকে দ্বিপক্ষীয় বিচারিক সহযোগিতা, মানবাধিকার রক্ষা ও আইনের শাসন নিয়ে বিস্তারিত আলোচনা হয়। প্রধান বিচারপতি বিগত এক বছরে বিচার বিভাগের উন্নয়নে গৃহীত পদক্ষেপ তুলে ধরেন, বিশেষ করে স্বাধীন ও ন্যায়ভিত্তিক বিচার ব্যবস্থা গড়ে তুলতে নেওয়া পরিকল্পনা এবং মানবাধিকার সংরক্ষণে বিচার বিভাগের ভূমিকা নিয়ে মত বিনিময় করেন।
প্রধান বিচারপতি হিসেবে ড. সৈয়দ রেফাত আহমেদের এক বছর পূর্তিতে ট্রেসি অ্যান জ্যাকবসন তাকে অভিনন্দন জানান এবং বিচার বিভাগ সংস্কারে নেওয়া তার বিভিন্ন পদক্ষেপের প্রশংসা করেন। বিশেষ করে বিচার বিভাগ সংস্কারের রোডম্যাপ ঘোষণা, বিচার সেবায় স্বচ্ছতা আনতে ১২ দফা নির্দেশনা, মামলার বিবাদীপক্ষকে লিগ্যাল এইড প্রদানে ক্যাপাসিটি টেস্ট চালু, উচ্চ আদালতে বিচারক নিয়োগে সুপ্রিম জুডিসিয়াল অ্যাপয়েন্টমেন্ট কাউন্সিল আইন প্রণয়ন, সুপ্রিম কোর্ট হেল্পলাইন চালু এবং অধস্তন আদালতের সক্ষমতা বৃদ্ধির উদ্যোগকে সময়োপযোগী বলে উল্লেখ করেন তিনি।
মার্কিন ভারপ্রাপ্ত রাষ্ট্রদূত আশা প্রকাশ করেন, সুশাসন প্রতিষ্ঠা ও ন্যায়বিচার নিশ্চিতকরণে প্রধান বিচারপতির নেতৃত্ব গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে এবং যুক্তরাষ্ট্র এ ক্ষেত্রে সর্বোচ্চ সহযোগিতা অব্যাহত রাখবে।

মতামত দিন