জাতীয়
ছবি: সংগৃহীত

সিলেটে সাদা পাথর লুট: হাইকোর্টে প্রশাসনকে প্রতিবেদন দাখিলের নির্দেশ।

নিজেস্ব প্রতিবেদক:

সিলেটের কোম্পানীগঞ্জ উপজেলার ভোলাগঞ্জ থেকে সাদা পাথর লুটের ঘটনায় হাইকোর্ট স্থানীয় প্রশাসনকে দুই মাসের মধ্যে বিস্তারিত প্রতিবেদন দাখিলের নির্দেশ দিয়েছে। এতে র‌্যাব, বিজিবি, পুলিশসহ স্থানীয় প্রশাসনের সমন্বয়ে লুটকারীদের তালিকা প্রস্তুত করে হাইকোর্টে জমা দিতে বলা হয়েছে।

আদালত আরও নির্দেশ দিয়েছেন, সাত দিনের মধ্যে লুট হওয়া সমস্ত পাথর পূর্ববর্তী অবস্থানে ফেরত রাখতে হবে। আগামী বৃহস্পতিবারের মধ্যে আদেশ বাস্তবায়নের অগ্রগতি জানাতে প্রশাসনকে প্রতিবেদন দাখিলের নির্দেশ দেওয়া হয়েছে।

জনস্বার্থে করা এক রিটের প্রাথমিক শুনানিতে বৃহস্পতিবার (১৪ আগস্ট) বিচারপতি কাজী জিনাত হক ও বিচারপতি আইনুন নাহার সিদ্দিকার সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এসব আদেশ দেন।

সাদা পাথর লুটের কারণে পরিবেশ ও আর্থিক ক্ষতি মূল্যায়নের জন্য বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) একজন অধ্যাপকের নেতৃত্বে বিশেষজ্ঞ কমিটি গঠন করতে বিবাদীদের নির্দেশ দেওয়া হয়েছে। পরিবেশ সচিব ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের সচিবকে সাত দিনের মধ্যে কমিটি গঠন করতে এবং তিন মাসের মধ্যে তদন্ত প্রতিবেদন দাখিল করতে বলা হয়েছে।

এছাড়া আদালত রুল জারি করেছে, প্রশাসনের নিষ্ক্রিয়তার কারণে কেন ভোলাগঞ্জ এলাকা সংরক্ষণের জন্য পদক্ষেপ নেওয়া হবে না, কেন এটি ইকোলজিক্যাল ক্রিটিক্যাল এরিয়া হিসেবে ঘোষণা করা হবে না এবং যারা পাথর লুট করে পরিবেশের ক্ষতি করেছে তাদের কাছ থেকে কেন ক্ষতিপূরণ আদায় করা হবে না—এসব  ব্যাখ্যা দিতে হবে।

রিটের পক্ষে শুনানি করেন অ্যাডভোকেট মনজিল মোরসেদ। তিনি বলেন, “প্রশাসনের চোখের সামনে এই সাদা পাথর লুট করা হয়েছে, পরিবেশের ক্ষতি ঘটেছে। আমরা জনস্বার্থে এই রিট দায়ের করেছি।”

একই সঙ্গে, হাইকোর্ট রোববার (১৭ আগস্ট) আরও একটি রিটের শুনানি নির্ধারণ করেছে। এতে দায়ীদের বিরুদ্ধে যথাযথ আইনি ব্যবস্থা নেওয়ার নির্দেশনা চাওয়া হয়েছে। এই রিট আবেদনের মাধ্যমে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে অতিরিক্ত মোতায়েনসহ প্রশাসনের নিষ্ক্রিয়তা কেন বেআইনি হবে না, তার ব্যাখ্যা  চাওয়া হয়েছে।

গত এক বছরের মধ্যে কোম্পানীগঞ্জ ও গোয়াইনঘাটের কয়েকটি এলাকায় বিপুল পরিমাণ পাথর অবৈধভাবে উত্তোলন করা হয়েছে। স্থানীয় প্রশাসনের উপস্থিতিতেও এই কর্মকাণ্ড চলতে থাকে এবং যথাযথ পদক্ষেপ  নেওয়া হয়নি বলে অভিযোগ উঠেছে। বিষয়টি দেশব্যাপী ব্যাপক সমালোচনার জন্ম দিয়েছে।

মতামত দিন