লালমনিরহাটে উজানের ঢলে তিস্তা ব্যারাজ বিপৎসীমার ওপরে, ১৫ হাজার মানুষ পানিবন্দি।
লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলায় উজানের ঢল ও টানা ভারী বৃষ্টিপাতে তিস্তা ব্যারাজের পানি বিপৎসীমার ১৫ সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে। এতে নদীর নিম্নাঞ্চল ও চরাঞ্চলের প্রায় ১৫ হাজার মানুষ পানিবন্দি হয়েছেন।
বন্যার পানিতে তলিয়ে গেছে রাস্তাঘাট, ফসলি জমি ও গবাদি পশুর খাদ্যসংকট দেখা দিয়েছে। তিস্তা নদীর ডালিয়া পয়েন্টে বৃহস্পতিবার সকাল ৯টায় পানির উচ্চতা রেকর্ড করা হয় ৫২.৩০ মিটার, যা স্বাভাবিক বিপৎসীমা ৫২.১৫ মিটারের চেয়ে বেশি।
ডালিয়া পানি উন্নয়ন বোর্ড জানিয়েছে, ব্যারাজের ৪৪টি জলকপাট খুলে পানি নিয়ন্ত্রণের চেষ্টা চলছে। নির্বাহী প্রকৌশলী অমিতাভ চৌধুরী জানান, তিস্তার নিম্নাঞ্চলের মানুষকে সতর্ক অবস্থানে থাকার জন্য বলা হয়েছে।

মতামত দিন