অননুমোদিত কর্মসূচিতে ‘বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন’-এর নাম ব্যবহার করলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ব্যানারে কেন্দ্রীয় কমিটির অনুমোদন ছাড়া কোনো কর্মসূচি পরিচালনা হলে সংশ্লিষ্টদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলে সতর্ক করেছে সংগঠনটি।
বুধবার (১৩ আগস্ট) মুখপাত্র সিনথিয়া জাহিন আয়েশার স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, সম্প্রতি বিভিন্ন জেলা-উপজেলায় এ ব্যানার ব্যবহার করে প্রোগ্রাম, পোস্টারিংসহ নানা কার্যক্রম পরিচালনার খবর সংগঠনের নজরে এসেছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ২৭ জুলাই এক সংবাদ সম্মেলনের মাধ্যমে কেন্দ্রীয় সভাপতি রিফাত রশিদ ঘোষণা দেন যে, কেন্দ্রীয় কমিটি ছাড়া সকল জেলা-উপজেলা ও ক্যাম্পাস কমিটি স্থগিত থাকবে। ফলে বর্তমানে কেবল কেন্দ্রীয় কমিটি ও তার অধীনে থাকা সেলগুলোই বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের আনুষ্ঠানিক কাঠামোর অংশ।
সংগঠনটির ভাষ্যমতে, কেন্দ্রীয় অনুমোদন ছাড়া এই ব্যানারের নামে যেকোনো প্রোগ্রাম, পোস্টারিং বা অন্যান্য কার্যক্রম বেআইনি। যদি প্রমাণ পাওয়া যায় যে কেউ এইভাবে কার্যক্রম চালাচ্ছে, তবে নবগঠিত ‘লিগ্যাল সেল’-এর মাধ্যমে তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

মতামত দিন