আন্তর্জাতিক
ছবি: সংগৃহীত

গাজা দখলের পরিকল্পনায় ইসরায়েলি সেনাপ্রধানের আপত্তি।

নিজেস্ব প্রতিবেদক:

গাজা ভূখণ্ড পুরোপুরি দখলের লক্ষ্যে এগিয়ে চলেছেন ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। কিন্তু তার এ লক্ষ্য বাস্তবায়নের পথে সবচেয়ে বড় অন্তরায় হয়ে দাঁড়িয়েছেন সেনাপ্রধান ইয়াল জামির।

ইসরায়েলি সেনাপ্রধান মনে করেন, গাজা পুরোপুরি দখলের চেষ্টা সেনাবাহিনীর জন্য একটি ভয়াবহ ফাঁদ হয়ে উঠতে পারে। এ নিয়ে তার সঙ্গে প্রধানমন্ত্রীর মতপার্থক্য চরমে পৌঁছেছে।

টাইমস অব ইসরায়েলের প্রতিবেদনে বলা হয়েছে, ইয়ার নেতানিয়াহু—প্রধানমন্ত্রীর ছেলে—সম্প্রতি সামাজিক মাধ্যমে এক পোস্টে সেনাপ্রধান জামিরকে বিদ্রোহ ও সামরিক অভ্যুত্থানের ষড়যন্ত্রকারী হিসেবে উপস্থাপন করেন।

এই অভিযোগের বিরুদ্ধে জামির আপত্তি জানালে প্রধানমন্ত্রী নেতানিয়াহু প্রকাশ্যে তাকে আক্রমণ করে বলেন, “পরিকল্পনা পছন্দ না হলেই পদত্যাগের হুমকি—এটা আর সহ্য করা যাবে না।”

ইয়ার নেতানিয়াহুর কোনো সরকারি পদ না থাকলেও তিনি প্রায়ই শীর্ষ কর্মকর্তাদের বিষয়ে প্রকাশ্যে মন্তব্য করে থাকেন।

সম্প্রতি যুদ্ধ কৌশল নিয়ে মন্ত্রিসভার মধ্যেও জামিরের সঙ্গে বিতর্কে জড়ান নেতানিয়াহু। তার অফিস থেকে ইঙ্গিত দেওয়া হয়, গাজা পুরোপুরি দখলের পরিকল্পনায় আপত্তি থাকলে সেনাপ্রধান পদত্যাগ করতে পারেন।

জামির বরাবরই বলে আসছেন, এই ধরনের অভিযান জিম্মিদের জীবনের জন্য হুমকি হয়ে উঠতে পারে। নিরাপত্তা ঝুঁকির কথা ভেবে তিনি গাজা দখলের ঘোর বিরোধিতা করছেন।

মতামত দিন