যুক্তরাষ্ট্রের শুল্ক বাড়ানোতে ক্ষুব্ধ ব্রাজিলের প্রেসিডেন্ট লুলা, তবু পাল্টা ব্যবস্থা নয়।
যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে শুল্ক ইস্যুতে এখনই কোনো যোগাযোগে যেতে নারাজ ব্রাজিলের প্রেসিডেন্ট লুইজ ইনাসিও লুলা দা সিলভা। তিনি সাফ জানিয়েছেন, সম্মানের প্রশ্নে তিনি আপস করবেন না।
এক বিবৃতিতে লুলা বলেন, “আমি কারও সঙ্গেই বিরোধ চায় না। কিন্তু আমি যেমন অন্যকে সম্মান করি, তেমনই নিজের জন্যও সম্মান প্রত্যাশা করি। নিজেকে অপমানের জায়গায় রাখব না।”
যুক্তরাষ্ট্র সম্প্রতি ব্রাজিল থেকে আমদানি হওয়া বেশ কিছু পণ্যের ওপর উচ্চহারে—কিছু ক্ষেত্রে প্রায় ৫০ শতাংশ পর্যন্ত—শুল্ক বসিয়েছে। এই সিদ্ধান্তে ক্ষুব্ধ হলেও লুলা পাল্টা শুল্ক আরোপের পথে হাঁটছেন না। তার ভাষায়, “আলোচনার দরজা বন্ধ নয়। তবে প্রতিক্রিয়াও বিবেচনায় আছে।”
শুধু বাণিজ্য নয়, লুলার আশঙ্কা রয়েছে অভ্যন্তরীণ রাজনীতিতে হস্তক্ষেপ নিয়েও। তিনি ইঙ্গিত দিয়েছেন, ট্রাম্প ব্রাজিলের সাবেক প্রেসিডেন্ট জাইর বলসোনারোর বিরুদ্ধে চলমান তদন্ত থামাতে রাজনৈতিক প্রভাব খাটাতে পারেন। বিষয়টি নিয়ে লুলা বলেছেন, “এটা মেনে নেওয়া সম্ভব নয়।”
বিশ্লেষকদের মতে, ট্রাম্প প্রশাসনের বাণিজ্য নীতি শুধু চীনের মতো বড় অর্থনীতির জন্যই নয়, লাতিন আমেরিকার গুরুত্বপূর্ণ অংশীদারদের সঙ্গেও নতুন করে উত্তেজনার ক্ষেত্র তৈরি করছে।
মতামত দিন