রাষ্ট্র মেরামতের সুযোগ এবার হারালে দশকজুড়ে ফিরে নাও আসতে পারে: আসিফ নজরুল।
রাষ্ট্র মেরামতের বর্তমান সুযোগ যদি নষ্ট হয়, তাহলে আগামী কয়েক দশকেও আর এমন সুযোগ ফিরে আসবে না— এমন সতর্কবার্তা দিয়েছেন অন্তর্বর্তী সরকারের আইন উপদেষ্টা ড. আসিফ নজরুল।
বুধবার (৩০ জুলাই) বিকেলে রাজধানীর বিচার প্রশাসন প্রশিক্ষণ ইনস্টিটিউটে ‘সরকারি অ্যাটর্নি সার্ভিস অধ্যাদেশ-২০২৫’ এর খসড়া নিয়ে আয়োজিত মতবিনিময় সভায় তিনি এ মন্তব্য করেন।
তিনি বলেন, “বিচার ব্যবস্থায় রাজনৈতিক প্রভাব থাকা নতুন কিছু নয়। অতীতে তত্ত্বাবধায়ক সরকার আইন করলেও, পরবর্তীতে রাজনৈতিক সরকার এসে তা বাতিল করেছে। তাই এবার আইনের খসড়া চূড়ান্তের আগে রাজনৈতিক দলগুলোর মতামত নেওয়া হচ্ছে।”
নিম্ন আদালতে দুর্নীতির প্রসঙ্গ টেনে আসিফ নজরুল বলেন, “অনেক সরকারি আইনজীবী পক্ষপাতদুষ্টভাবে কাজ করছেন। টাকা খেয়ে তারা বিরোধীদের পক্ষে দাঁড়ান। এসব অনিয়ম রোধেই অ্যাটর্নি সার্ভিস অধ্যাদেশ আনা হয়েছে।”
সভায় শিল্প উপদেষ্টা আদিলুর রহমান খান বলেন, “গত ১৫ বছরে বিচার ব্যবস্থা প্রায় ধ্বংস হয়ে গেছে। যারা দায়িত্বে ছিলেন, তাদের অনেকে দায়িত্ব পালন করেননি।”
তিনি মনে করেন, নতুন এই আইন বাস্তবায়িত হলে বিচার বিভাগের গ্রহণযোগ্যতা এবং আইনের শাসন অনেকটাই ফিরিয়ে আনা সম্ভব হবে।
মতামত দিন