রাজনীতি
ছবি: সংগৃহীত

ভোটের অনুপাতে উচ্চ কক্ষ না হলে প্রশ্নে পড়ে যাবে জুলাই সনদ: নাহিদ ইসলাম।

নিজেস্ব প্রতিবেদক:

সংসদের উচ্চ কক্ষ গঠনের প্রস্তাব নিয়ে সংশয় প্রকাশ করেছেন জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম। তার মতে, উচ্চ কক্ষ যদি ভোটের আনুপাতিক হারে না গঠিত হয়, বরং আসনভিত্তিক হয়—তাহলে ‘জুলাই সনদে’ স্বাক্ষর দেওয়া নিয়ে অনিশ্চয়তা থেকেই যাবে।

সোমবার (২৮ জুলাই) সকালে জামালপুরের ডাকবাংলোয় অভ্যুত্থানে নিহত ১১ শহীদের পরিবারের সঙ্গে সাক্ষাৎ করেন এনসিপির কেন্দ্রীয় নেতারা। শহীদ পরিবারের সদস্যদের খোঁজখবর নেন, স্বজন হারানোর বেদনায় পাশে থাকার অঙ্গীকার জানান নেতারা।

পরবর্তীতে সাংবাদিকদের মুখোমুখি হয়ে নাহিদ ইসলাম বলেন, “জুলাই সনদ কেবল প্রতীকী কোনো দলিলে পরিণত হলে চলবে না। মৌলিক সংস্কারের বিষয়গুলো সুনির্দিষ্টভাবে থাকতে হবে। বিশেষ করে সংসদের mউচ্চ কক্ষ আসনভিত্তিক না হয়ে জনগণের ভোটের আনুপাতিক ভিত্তিতে গঠিত হওয়াটা অপরিহার্য। অন্যথায় আমরা সনদে স্বাক্ষরের প্রশ্নটাই নতুন করে ভাবব।”

তিনি জানান, এ বিষয়ে স্পষ্ট ঐকমত্যের ভিত্তিতেই এনসিপি চূড়ান্ত সিদ্ধান্ত নেবে।

জামালপুরে এনসিপির ‘জুলাই পদযাত্রা’র অংশ হিসেবে তমালতলা এলাকা থেকে একটি মিছিল বের করা হয়, যা শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে শেষ হয় ফৌজদারি এলাকায়। সেখানে পথসভায় বক্তব্য রাখেন কেন্দ্রীয় নেতারা।

এরপর জামালপুরের কর্মসূচি শেষ করে ময়মনসিংহের উদ্দেশে রওনা দেন নাহিদ ইসলামসহ নেতারা।

মতামত দিন