পুরোনো সিস্টেম ও আইন দিয়ে এই বাংলাদেশ আর চলতে পারে না: নাহিদ ইসলাম।
বর্তমান রাষ্ট্র কাঠামো ও আইনি ব্যবস্থাকে “পুরোনো” আখ্যা দিয়ে তা প্রত্যাখ্যানের ঘোষণা দিয়েছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম। তিনি বলেন, “পুরোনো সিস্টেম ও আইন দিয়ে এই বাংলাদেশ আর চলতে পারে না।
শনিবার (২৬ জুলাই) দুপুরে মৌলভীবাজারের বেরিরপাড় এলাকায় আয়োজিত এক পথসভায় এসব মন্তব্য করেন তিনি। ‘দেশ গড়তে জুলাই পথযাত্রা’র অংশ হিসেবে অনুষ্ঠিত এই সমাবেশে তিনি আরও বলেন, “যারা অভ্যুত্থানে অংশ নিয়েছে, তাদের ঘাড়ে পুলিশ হত্যার দায় চাপিয়ে আন্দোলনকে দমন করার চেষ্টা চলছে। অথচ, আমরা প্রতিরোধ গড়েছি শুধুই ফ্যাসিস্ট দমননীতি ও রাষ্ট্রযন্ত্রের বিরুদ্ধে। শেখ হাসিনার স্বৈরাচারী শাসনব্যবস্থা এখন জনরোষের মুখে।”
এনসিপি নেতারা বলেন, ৩ আগস্ট তারা এক দফা কর্মসূচির মাধ্যমে তাদের চূড়ান্ত রাজনৈতিক অবস্থান ঘোষণা করবেন। সেই ঘোষণার কেন্দ্রে থাকবে, “ফ্যাসিবাদী রাষ্ট্রব্যবস্থা থেকে মুক্তি”।
এর আগে শহরের শহীদ মিনার থেকে শুরু হয়ে কোর্ট রোড ও শাহ মোস্তফা সড়ক ঘুরে পথসভায় পৌঁছায় ‘জুলাই পথযাত্রা’। এতে জেলার বিভিন্ন এলাকা থেকে কয়েক হাজার মানুষ অংশ নেন।
পথসভায় সভাপতিত্ব করেন এনসিপির মৌলভীবাজার জেলার প্রধান সমন্বয়কারী ফাহাদ আলম। বক্তব্য রাখেন দলের সদস্যসচিব আখতার হোসেন, মুখ্য সমন্বয়ক নাসির উদ্দীন পাটোয়ারী, সিনিয়র যুগ্ম সদস্যসচিব ডা. তাসনিম জারা, বাগছাস কেন্দ্রীয় আহ্বায়ক আবু বাকের মজুমদার, জাতীয় যুব শক্তির কেন্দ্রীয় সংগঠক মারুফ আল হামিদ এবং জাকারিয়া ইমন।
বক্তারা বলেন, এই পদযাত্রা শুধু প্রতীকী নয়, এটি একটি নবযাত্রার সূচনা। যার মাধ্যমে একটি ন্যায্য ও গণমুখী রাষ্ট্র গঠনের রূপরেখা তৈরি হবে।
মতামত দিন