আন্তর্জাতিক
ছবি: সংগৃহীত

রাজস্থানে স্কুল ভবন ধসে নিহত ৭ শিশু।

নিজেস্ব প্রতিবেদক:

ভারতের রাজস্থানের জালাওয়ার জেলার একটি সরকারি স্কুল ভবন ধসে অন্তত সাত শিশু নিহত হয়েছে। শুক্রবার (২৫ জুলাই) সকাল সাড়ে ৮টার দিকে মানোহর থানার পিপলোদি সরকারি বিদ্যালয়ে এই মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।

ঘটনায় আরও অন্তত দুই শিশু আইসিইউতে আশঙ্কাজনক অবস্থায় চিকিৎসাধীন।

প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, ছুটির আগমুহূর্তে বিদ্যালয়ের ছাদ হঠাৎ ভেঙে পড়ে। চারদিকে ধুলার কুণ্ডলি ছড়িয়ে আতঙ্ক তৈরি হয়। ভবনটিতে তখন অন্তত ৬০ শিক্ষার্থী ও শিক্ষক-কর্মচারী উপস্থিত ছিলেন।

প্রশাসন জানায়, টানা বৃষ্টিতে ভবনটি আগেই ক্ষতিগ্রস্ত হয়েছিল। বহুদিন ধরে ভবনের জরাজীর্ণ অবস্থার অভিযোগ থাকলেও কোনো সংস্কার হয়নি। বিদ্যালয়টিতে অষ্টম শ্রেণি পর্যন্ত পাঠদান হয়।

রাজস্থানের শিক্ষা সচিব কৃষ্ণ কুনাল জানান, প্রাথমিকভাবে ছয় শিশুর মৃত্যুর খবর পাওয়া গেলেও পরে সংখ্যাটি বেড়ে সাতজনে দাঁড়ায়। নিহতরা সবাই ৮ থেকে ১১ বছর বয়সী। গুরুতর আহতদের জালাওয়ার জেলা হাসপাতালে পাঠানো হয়েছে।

উদ্ধারে অন্তত চারটি জেসিবি ও বিপর্যয় মোকাবিলা বাহিনী অংশ নেয়। জেলা প্রশাসনের শীর্ষ কর্মকর্তারাও ঘটনাস্থলে উপস্থিত ছিলেন।

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এক বিবৃতিতে বলেন, “এই ঘটনা অত্যন্ত হৃদয়বিদারক। নিহতদের পরিবারকে সমবেদনা ও আহতদের দ্রুত আরোগ্য কামনা করছি।”

রাজ্যের শিক্ষামন্ত্রী মদন দিলাওয়ার তদন্তের নির্দেশ দিয়েছেন এবং দোষীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছেন।

সূত্র: এনডিটিভি

মতামত দিন