আন্তর্জাতিক
ছবি: সংগৃহীত

রাশিয়ায় নিখোঁজ বিমান বিধ্বস্ত, সব যাত্রীর মৃত্যু আশঙ্কা।

নিজেস্ব প্রতিবেদক:

রাশিয়ার আমুর অঞ্চলে নিখোঁজ হয়ে যাওয়া এনগারা এয়ারলাইনের আন-২৪ মডেলের যাত্রীবাহী বিমানটি অবশেষে বিধ্বস্ত অবস্থায় শনাক্ত হয়েছে। দেশটির জরুরি ব্যবস্থাপনা মন্ত্রণালয় জানিয়েছে, দুর্ঘটনাস্থলে পাওয়া গেছে বিমানের পোড়া ফিউসেলাজ।

বৃহস্পতিবার (২৪ জুলাই) আলজাজিরার এক প্রতিবেদনে বলা হয়, বিধ্বস্ত বিমানে থাকা কেউই জীবিত নেই বলে আশঙ্কা করা হচ্ছে।

জরুরি বিভাগের এক বিবৃতিতে জানানো হয়, রাশিয়ার বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের একটি এমআই-৮ হেলিকপ্টার দুর্গম এলাকায় তল্লাশি চালিয়ে বিধ্বস্ত বিমানের ধ্বংসাবশেষ শনাক্ত করেছে।

বিমানটি চীনের সীমান্তবর্তী আমুর অঞ্চলের টিন্ডা শহরের পথে যাত্রা করেছিল। মাঝপথে রাডার থেকে  বিচ্ছিন্ন হয়ে যায় এটি। শুরু থেকেই আশঙ্কা করা হচ্ছিল মারাত্মক দুর্ঘটনার।

আঞ্চলিক গভর্নর ভ্যাসিলি অরলভ জানান, বিমানে পাঁচ শিশুসহ মোট ৪৯ জন আরোহী ছিলেন, যাদের মধ্যে ৪৩ জন যাত্রী এবং ৬ জন ক্রু।

এ ঘটনার পর আমুর অঞ্চলে শোকের ছায়া নেমে এসেছে। দুর্ঘটনার কারণ অনুসন্ধানে তদন্ত শুরু করেছে রুশ কর্তৃপক্ষ।

মতামত দিন