ডেঙ্গুতে আবারও ৪ জনের মৃত্যু, আক্রান্ত ৩১৯ জন।
দেশে ডেঙ্গু পরিস্থিতি ফের খারাপের দিকে। গত ২৪ ঘণ্টায় এডিস মশাবাহিত এই রোগে আরও চারজনের মৃত্যু হয়েছে, যাদের মধ্যে দুইজন শিশু।
মৃত শিশুদের একজনের বয়স মাত্র তিন বছর, আরেকজনের নয়। বাকি দুইজনের একজন ৫২ বছরের পুরুষ ও একজন ৪০ বছর বয়সী নারী।
এই তথ্য জানিয়েছে স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম।
তথ্য অনুযায়ী, মঙ্গলবার সকাল ৮টা থেকে বুধবার সকাল ৮টা পর্যন্ত সবচেয়ে বেশি ডেঙ্গু রোগী ভর্তি হয়েছেন বরিশাল বিভাগে (সিটি করপোরেশন বাদে)—মোট ৮৯ জন। রাজধানী ঢাকায় ভর্তি হয়েছেন ৯০ জন। এছাড়া ঢাকার বাইরের ঢাকা বিভাগে ৫৯ জন, চট্টগ্রামে ৩৮ জন, রাজশাহীতে ৩০ জন, ময়মনসিংহে ৯ জন এবং রংপুরে ৪ জন ভর্তি হন।
ডেঙ্গুর মৌসুমিক প্রকোপ শুরু হলেও প্রয়োজনীয় প্রতিরোধমূলক ব্যবস্থা যথেষ্ট নয় বলে মনে করছেন জনস্বাস্থ্য বিশেষজ্ঞরা।
চলতি বছর ডেঙ্গুতে হাসপাতালে ভর্তি হওয়া রোগীর সংখ্যা ১৮ হাজার ৩৪৫ ছাড়িয়েছে। এর মধ্যে এখন পর্যন্ত মারা গেছেন ৬৯ জন। পুরুষ ৩৭ জন, নারী ৩২ জন।
বৃষ্টির কারণে মশার প্রজনন বাড়লেও সিটি করপোরেশনগুলোর পক্ষ থেকে নিয়মিত ও কার্যকর অভিযানের ঘাটতি দেখা যাচ্ছে বলে অভিযোগ স্থানীয়দের। পরিস্থিতি এমন চলতে থাকলে আগামি সপ্তাহগুলোতে ডেঙ্গুর দাপট আরও বাড়বে বলে আশঙ্কা করা হচ্ছে।

মতামত দিন