জাতীয়
ছবি: সংগৃহীত

উত্তরায় বিমান বিধ্বস্তে নিহতদের মরদেহ হস্তান্তরের প্রস্তুতি, ডিএনএ পরীক্ষার পর শনাক্তে ব্যবস্থা।

নিজেস্ব প্রতিবেদক:

রাজধানীর উত্তরায় মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের ক্যাম্পাসে বাংলাদেশ বিমান বাহিনীর একটি প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত হওয়ার ঘটনায় নিহতদের মধ্যে যাদের পরিচয় শনাক্ত করা সম্ভব হয়েছে, তাদের মরদেহ দ্রুত স্বজনদের কাছে হস্তান্তর করা হবে বলে জানিয়েছে প্রধান উপদেষ্টার প্রেস উইং।

যাদের মরদেহ তাৎক্ষণিকভাবে শনাক্ত করা সম্ভব হয়নি, তাদের পরিচয় নিশ্চিত করতে ডিএনএ পরীক্ষার ব্যবস্থা নেওয়া হয়েছে।

পরীক্ষার পর পরিবারের কাছে মরদেহ হস্তান্তরের প্রক্রিয়া সম্পন্ন করা হবে।

সোমবার (২১ জুলাই) প্রধান উপদেষ্টার প্রেস উইং থেকে এক বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, আহতদের চিকিৎসার খোঁজখবর সার্বক্ষণিকভাবে নিচ্ছেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। একইসঙ্গে হাসপাতালে ভিড় না করতে এবং চিকিৎসা কার্যক্রমে বাধা না দিতে অনুরোধ জানানো হয়েছে।

বিমান বিধ্বস্তের ঘটনায় এখন পর্যন্ত ১৯ জন নিহত হওয়ার খবর নিশ্চিত করেছে ফায়ার সার্ভিস। আহত ও দগ্ধ হয়েছেন ৫০ জনেরও বেশি

নিহতদের মধ্যে—

  • বার্ন ইনস্টিটিউটে ২ জন

  • সিএমএইচে ১১ জন

  • কুর্মিটোলা জেনারেল হাসপাতালে ২ জন

  • লুবনা জেনারেল হাসপাতালে ২ জন

  • উত্তরা আধুনিক হাসপাতালে ২ জন

দগ্ধ ও আহতদের মধ্যে অনেকের শরীর ৫০ শতাংশের বেশি পুড়ে গেছে, জানিয়েছেন চিকিৎসকরা। গুরুতর আহতদের ঢামেক, বার্ন ইনস্টিটিউট, কুর্মিটোলা ও অন্যান্য হাসপাতালে ভর্তি করা হয়েছে।

ঘটনার সময় স্কুল ভবনের ভেতর প্রায় ১০০ থেকে ১৫০ জন শিক্ষার্থী উপস্থিত ছিলেন বলে জানা গেছে। দুর্ঘটনাটি ঘটে স্কুল ছুটির একেবারে আগ মুহূর্তে, যখন জুনিয়র শ্রেণির শিক্ষার্থীরা ক্লাসে ছিল। বিমানটি সরাসরি ওই ভবনে আঘাত হানে।

মতামত দিন