রাজনীতি
ছবি: সংগৃহীত

উত্তরায় প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত, বহু হতাহতের আশঙ্কা—তারেক রহমানের সহায়তা নির্দেশ।

নিজেস্ব প্রতিবেদক:

রাজধানীর উত্তরায় বাংলাদেশ বিমান বাহিনীর একটি প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত হয়েছে। সোমবার (২১ জুলাই) দুপুরে এ দুর্ঘটনার পর এলাকাজুড়ে আতঙ্ক ছড়িয়ে পড়ে।

প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, এতে বহু  হতাহতের ঘটনা ঘটতে পারে।

দিয়াবাড়ি এলাকায় মাইলস্টোন কলেজের ক্যাম্পাসসংলগ্ন স্থানে বিমানটি ছাদের ওপর গিয়ে পড়ে। ফায়ার সার্ভিসের নিয়ন্ত্রণ কক্ষের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা লিমা খান জানান, দুপুর ১টা ৩০ মিনিটের দিকে ঘটনাটি ঘটে। তাৎক্ষণিকভাবে তিনটি ইউনিট উদ্ধার তৎপরতায় অংশ নেয়।

বিমান বাহিনীর আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) জানায়, বিধ্বস্ত বিমানটি ছিল এফ-৭ বিজেআই (F-7 BGI) মডেলের। এটি ১টা ৬ মিনিটে উড্ডয়ন করার ১২ মিনিট পরই দুর্ঘটনার শিকার হয়।

ঘটনাস্থলে পুলিশ, সেনাবাহিনী এবং ফায়ার সার্ভিসের সদস্যরা একযোগে উদ্ধার কার্যক্রম চালাচ্ছেন। আহতদের দ্রুত হাসপাতালে নেওয়ার কাজ চলছে বলে জানা গেছে।

এদিকে, দুর্ঘটনার খবর পাওয়ার পর বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান দলের অঙ্গসংগঠন—যুবদল, ছাত্রদল, স্বেচ্ছাসেবক দল এবং বিএনপির স্বাস্থ্য টিমকে দ্রুত ঘটনাস্থলে গিয়ে সহায়তা করতে নির্দেশ দিয়েছেন।

ঢাকা মহানগর পুলিশের উত্তরা বিভাগের উপ-পুলিশ কমিশনার মহিদুল ইসলাম বলেন, “শুনেছি মাইলস্টোন কলেজ এলাকার কাছে একটি প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত হয়েছে। ঘটনাস্থলে পৌঁছে বিস্তারিত জানানো সম্ভব হবে।”

উদ্ধারকাজ এখনও চলমান রয়েছে এবং এখনো হতাহতের সঠিক সংখ্যা নিশ্চিত হওয়া যায়নি। পুরো এলাকা নিরাপত্তা বেষ্টনীতে ঘিরে ফেলা হয়েছে।



মতামত দিন