গাজায় ত্রাণ নেওয়ার সময় ইসরায়েলি হামলায় নিহত ৭৯ জন।
এছাড়া, জাতিসংঘ এবং অন্যান্য আন্তর্জাতিক ত্রাণ সংস্থার পরিচালিত স্থাপনাগুলোতেও ইসরায়েল হামলা চালিয়েছে বলে জানা গেছে। এসব হামলায় আরও ১৩ জন নিহত হন।
এর আগে শনিবার রাতভর গাজার বিভিন্ন স্থানে টানা বিমান ও স্থল হামলায় প্রাণ হারান কমপক্ষে ১১৫ জন।
ফিলিস্তিনের স্বাস্থ্য মন্ত্রণালয়ের সর্বশেষ তথ্য অনুযায়ী, খাদ্য ও চিকিৎসার সংকটে গত ২৪ ঘণ্টায় অনাহারে মৃত্যু হয়েছে আরও ১৯ জনের। জাতিসংঘ বলছে, গাজার মানবিক পরিস্থিতি এখন ‘দুর্ভিক্ষের নতুন স্তরে’ পৌঁছেছে।
ইসরায়েলের এ হামলা ও অবরোধের বিরুদ্ধে মুসলিমবিশ্বে নতুন করে বিক্ষোভ ছড়িয়ে পড়েছে। তিউনিসিয়া, ইরাক, তুরস্ক, মরক্কো, লেবানন এবং অধিকৃত পশ্চিম তীরের রামাল্লাসহ একাধিক শহরে হাজার হাজার মানুষ রাস্তায় নেমে প্রতিবাদ জানিয়েছেন।
জাতিসংঘের হিসাবে, ২০২৩ সালের ৭ অক্টোবর থেকে ইসরায়েলি অভিযানে গাজায় মোট প্রাণহানি দাঁড়িয়েছে ৫৮ হাজার ৮৯৫ জনে, আর আহতের সংখ্যা ছাড়িয়েছে ১ লাখ ৪০ হাজার। অন্যদিকে, ওইদিন হামাসের অভিযানে ইসরায়েলে নিহত হন ১ হাজার ১৩৯ জন এবং ২০০-র বেশি মানুষ জিম্মি হন।
মতামত দিন