জাতীয়
ছবি: সংগৃহীত

গোপালগঞ্জে এনসিপির পদযাত্রা ঘিরে নাশকতা, সড়ক অবরোধ ও পুলিশের ওপর হামলা।

নিজেস্ব প্রতিবেদক:

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মাসব্যাপী ‘জুলাই পদযাত্রা’ কর্মসূচিকে কেন্দ্র করে গোপালগঞ্জের বিভিন্ন স্থানে ব্যাপক নাশকতা, সড়ক অবরোধ ও পুলিশের ওপর হামলার ঘটনা ঘটেছে। বুধবার (১৬ জুলাই) সকাল থেকে এসব ঘটনা ঘটতে থাকে।

জেলার সদর উপজেলা, কোটালীপাড়া ও আশপাশের এলাকায় টেকেরহাট-ঘোনাপাড়া আঞ্চলিক সড়কে গাছ ও ইট ফেলে যান চলাচলে বাধা সৃষ্টি করা হয়। এ সময় ইউএনও এম রাকিবুল হাসানের গাড়িবহরে হামলা ও ভাঙচুর করা হয় বলে জানান তিনি।

ইউএনও বলেন, “জাতীয় নাগরিক পার্টির কর্মসূচি ছিল পৌর পার্কে পদযাত্রা। কিন্তু আওয়ামী লীগ ও ছাত্রলীগের সমর্থকরা টেকেরহাট এলাকায় রাস্তা অবরোধ করে। আমি কথা বলতে গেলে তারা আমার গাড়ি বহরে হামলা চালায়।”

গোপালগঞ্জ সদর থানার ওসি মীর মো. সাজেদুর রহমান জানান, “জুলাই পদযাত্রা বানচালের জন্য নিষিদ্ধ সংগঠন আওয়ামী লীগ ও ছাত্রলীগের কর্মীরা উলপুর এলাকায় পুলিশের গাড়িতে হামলা ও ভাঙচুর চালিয়েছে। এতে পাঁচ পুলিশ সদস্য আহত হন।”

এদিকে নাশকতা ও সহিংসতার অভিযোগে সদর উপজেলার কংশুর এলাকা থেকে আওয়ামী লীগ ও ছাত্রলীগের সাতজন নেতাকর্মীকে আটক করেছে আইনশৃঙ্খলা বাহিনী। প্রাথমিকভাবে তাদের নাম-পরিচয় জানা যায়নি।

গোয়েন্দা তথ্যের ভিত্তিতে জানা যায়, কংশুর এলাকায় নাশকতার প্রস্তুতি নিচ্ছিল কিছু রাজনৈতিক কর্মী। তাৎক্ষণিক অভিযান চালিয়ে আইনশৃঙ্খলা বাহিনী তাদের আটক করে।

এর আগে সকালেই ছাত্রলীগ ও আওয়ামী লীগের নেতাকর্মীরা গোপালগঞ্জ শহরের পৌর পার্ক এলাকায় এনসিপির সমাবেশস্থলে হামলা চালিয়ে ককটেল বিস্ফোরণ ও মঞ্চ ভাঙচুর করে বলে অভিযোগ ওঠে।

পরিস্থিতি নিয়ন্ত্রণে সেনাবাহিনী, বিজিবি ও পুলিশ যৌথভাবে মাঠে নেমেছে। শহরের বিভিন্ন এলাকায় মোতায়েন করা হয়েছে সাঁজোয়া যান (এপিসি)। ১৪৪ ধারা জারি করে সব ধরনের গণজমায়েত নিষিদ্ধ ঘোষণা করেছে প্রশাসন।

মতামত দিন