আন্তর্জাতিক
ছবি: সংগৃহীত

তামিলনাড়ুতে ডিজেলবাহী ট্রেনে ভয়াবহ আগুন।

নিজস্ব প্রতিবেদকঃ

ভারতের তামিলনাড়ু রাজ্যের তিরুভাল্লুর রেলস্টেশনের কাছে ডিজেলবাহী একটি মালবাহী ট্রেনে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। রোববার (১৩ জুলাই) ভোর সাড়ে ৫টার দিকে এ দুর্ঘটনা ঘটে বলে জানিয়েছে এনডিটিভি।

প্রতিবেদন অনুযায়ী, চেন্নাই থেকে ওয়ালাজাহবাদের দিকে যাত্রা করা ওই ট্রেনটিতে ৪৫টি ট্যাংকার ছিল। আগুনে চারটি ওয়াগন সম্পূর্ণভাবে পুড়ে গেছে। অগ্নিকাণ্ডের ফলে ট্রেনের আশপাশের এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে।

চোখে পড়ার মতো আগুন ও ঘন কালো ধোঁয়ার দৃশ্য সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে। প্রত্যক্ষদর্শীদের ধারণ করা ভিডিওতে দেখা যায়, আগুনে দগ্ধ ওয়াগন থেকে বিশাল লেলিহান শিখা উঠছে এবং ঘন ধোঁয়া আকাশে ছড়িয়ে পড়ছে।

রেল কর্তৃপক্ষ জানায়, একটি ট্যাংকারে হঠাৎ আগুন ধরে যাওয়ার পর তা দ্রুত পাশের ট্যাংকারগুলোতে ছড়িয়ে পড়ে। খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছে উদ্ধারকারী দল আগুন নিয়ন্ত্রণে আনে। এ সময় ওই রুটে ট্রেন চলাচল বন্ধ রাখা হয়।

ঘটনার তদন্ত শুরু হয়েছে বলে জানিয়েছে রেল কর্তৃপক্ষ। তারা বলছে, কোনো গাফিলতি পেলে দায়ীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। একইসঙ্গে দ্রুত ক্ষতিগ্রস্ত ট্রেন সরিয়ে রেল যোগাযোগ স্বাভাবিক করার কাজও চলছে।

মতামত দিন