অপরাধ
ছবি: সংগৃহীত

সাবেক ভূমিমন্ত্রীর ৫৭৬ কোটি টাকার ২৬ বিও অ্যাকাউন্ট ফ্রিজ।

নিজস্ব প্রতিবেদক:

সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী, তার পরিবারের সদস্য ও সংশ্লিষ্ট ব্যক্তিদের নামে থাকা ২৬টি বিও অ্যাকাউন্ট জব্দ করেছে আদালত। এসব অ্যাকাউন্টে থাকা শেয়ারের বাজারমূল্য ৫৭৬ কোটি টাকার বেশি।

বুধবার (৯ জুলাই) দুর্নীতি দমন কমিশনের (দুদক) আবেদনের পর ঢাকার জ্যেষ্ঠ বিশেষ জজ মো. জাকির হোসেন গালিব এই আদেশ দেন।

দুদকের উপপরিচালক মো. মশিউর রহমান আদালতে দাখিল করা আবেদনে উল্লেখ করেন, সাইফুজ্জামান চৌধুরী ও তার স্বার্থসংশ্লিষ্টদের বিরুদ্ধে অর্থপাচারের অভিযোগে একটি উচ্চপর্যায়ের টাস্কফোর্স গঠন করা হয়েছে। এতে দুদক, সিআইডি ও এনবিআরের কর্মকর্তারা আছেন।

আবেদনে বলা হয়, অনুসন্ধান চলাকালে জানা যায়— অভিযুক্তরা বিও অ্যাকাউন্টে থাকা শেয়ার  নগদায়নের চেষ্টা করছেন। এতে রাষ্ট্রের অর্থনৈতিক ক্ষতির আশঙ্কা তৈরি হয়েছে।

এই পরিস্থিতিতে অ্যাকাউন্টগুলো ফ্রিজ করা না হলে গুরুত্বপূর্ণ আলামত ও সম্পদ হাতছাড়া হওয়ার ঝুঁকি থাকায় আদালতের অনুমতি চাওয়া হয়। শুনানি শেষে আদালত ২৬টি অ্যাকাউন্ট অবরুদ্ধের নির্দেশ দেন।

দুদক সূত্রে জানা গেছে, এসব অ্যাকাউন্টে জমা রাখা শেয়ারের মূল্য বর্তমানে ৫৭৬ কোটি ৮ লাখ টাকার বেশি। বিষয়টি ঘিরে তদন্ত চলছে।

মতামত দিন