ইন্দুরকানীতে জোয়ারের পানিতে ভাঙল বেড়িবাঁধ, প্লাবিত বসতবাড়ি ও স্কুল।
বৃহস্পতিবার (২৬ জুন) সকালে বাঁধ ভেঙে যাওয়ার পর থেকে ইন্দুরকানীর বালিপাড়া, চরবলেশ্বর, সাঈদখালী, ঢেপসাবুনিয়া, খোলপটুয়া, চণ্ডিপুরসহ একাধিক গ্রাম পানিতে নিমজ্জিত হয়। পানি ঢুকে পড়ে বহু কাঁচাঘরে, ক্ষতিগ্রস্ত হয় সহায়সম্বলহীন মানুষের বসতি।
চরবলেশ্বরের বাসিন্দারা বলছেন, "জোয়ারের পানি সরাসরি গ্রামে ঢুকে গেছে। বহু মানুষ গবাদি পশু ও মালামাল নিয়ে নিরাপদ আশ্রয়ে যাওয়ার আগেই ঘর হারিয়েছে। দীর্ঘমেয়াদি বাঁধ ছাড়া আমাদের বাঁচা সম্ভব নয়।"
বন্যার পানি ঢুকে পড়েছে বিভিন্ন স্কুলে। ঢেপসাবুনিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক মাহাবুব হোসেন বলেন, “বিদ্যালয়ে যাতায়াতের পথ পানির নিচে চলে যাওয়ায় শিক্ষার্থীদের আসা অসম্ভব হয়ে পড়েছে।”
চণ্ডিপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মশিউর রহমান জানান, এলাকার অধিকাংশ বেড়িবাঁধ দুর্বল অবস্থায় রয়েছে। দীর্ঘদিন ধরে সংস্কার না হওয়ায় এমন দুর্যোগে তা সহজেই ধসে পড়ে।
এদিকে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে ঘটনাস্থল পরিদর্শন করেছেন ইউএনও হাসান-বিন মোহাম্মদ আলী। তিনি বলেন, “বিষয়টি পানি উন্নয়ন বোর্ডকে জানানো হয়েছে। দ্রুত প্রতিরোধমূলক ব্যবস্থা নিতে তাদের অনুরোধ করা হয়েছে।”

মতামত দিন