ইরান-ইসরায়েল সংঘাতের মধ্যে ,যুদ্ধবিরতির ঘোষণা দিয়েছেন ডোনাল্ড ট্রাম্প।
ইরান-ইসরায়েল সাম্প্রতিক সংঘাতের মধ্যে যুদ্ধবিরতির ঘোষণা দেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তবে তার সেই ঘোষণাকে ‘ভুল এবং মিথ্যা’ আখ্যা দিয়ে প্রত্যাখ্যান করেছে ইরানের ইসলামী বিপ্লবী গার্ড বাহিনী (আইআরজিসি)-ঘনিষ্ঠ সংবাদমাধ্যম ফার্স নিউজ এজেন্সি।
ফার্স নিউজ জানায়, যুদ্ধবিরতির কোনো আনুষ্ঠানিক চুক্তি হয়নি এবং ইরান যুদ্ধ চালিয়ে যাচ্ছে। এই ঘোষণার কিছু সময়ের মধ্যেই ইরান থেকে ইসরায়েলের বীরশেবা শহরে একাধিক ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলা চালানো হয়।
স্থানীয় সময় সকালে বীরশেবায় টানা ছয় দফা ক্ষেপণাস্ত্র হামলায় শহরটি কেঁপে ওঠে। ইসরায়েলি চ্যানেল ১৪ জানায়, হামলায় এখন পর্যন্ত অন্তত ৪ জন নিহত হয়েছেন। আরও অনেকের ধ্বংসস্তূপে আটকে থাকার আশঙ্কা রয়েছে।
দক্ষিণ ইসরায়েলের জরুরি সেবাবিষয়ক মুখপাত্র লিনয় রেশেফ জানান, “যুদ্ধবিরতি কার্যকরের ঠিক আগে একটি বড় আবাসিক ভবনে মিসাইল আঘাত হানে। এখনো সেখানে কয়েকজন আটকে আছেন। উদ্ধার অভিযান চলছে।”
ইরান-ইসরায়েল উত্তেজনার এই পর্যায়ে এসে যুদ্ধবিরতি নিয়ে ট্রাম্পের ঘোষণার বাস্তবতা নিয়ে সন্দেহ তৈরি হয়েছে। কারণ এর কয়েক ঘণ্টার মধ্যেই আবারও ব্যাপক হামলা শুরু হয়।
বাংলাদেশ সময় সকাল সাড়ে ১১টায় ট্রাম্প তার সামাজিক যোগাযোগমাধ্যম ‘ট্রুথ সোশ্যালে’ লেখেন, “যুদ্ধবিরতি শুরু হয়েছে, অনুগ্রহ করে কেউ এটা ভঙ্গ করবেন না।” তবে এই পোস্টের সঙ্গে সামঞ্জস্য নেই ঘটনাবলীর বাস্তবতা।
এদিকে মধ্যপ্রাচ্যে যুদ্ধের বিস্তার ঠেকাতে আন্তর্জাতিক পর্যায়ে কূটনৈতিক তৎপরতা অব্যাহত থাকলেও, ইরান এখনো অবস্থান বদলাচ্ছে না বলে স্পষ্ট করছে সরকারি বার্তাগুলো।
সূত্র: সিএনএন, চ্যানেল ১৪, ফার্স নিউজ

মতামত দিন