আন্তর্জাতিক
ছবি: সংগৃহীত

যুদ্ধবিরতির ঘোষণা ট্রাম্পের,ইরানের ক্ষেপণাস্ত্র হামলায় উত্তপ্ত ইসরায়েল।

নিজস্ব প্রতিবেদক:

ইরান ও ইসরায়েলের মধ্যকার যুদ্ধবিরতির ঘোষণা কার্যকরের আগ মুহূর্তেই উত্তেজনা ফের চরমে উঠেছে। যুদ্ধবিরতির ঘোষণার কয়েক ঘণ্টার মধ্যেই ইরানের দিক থেকে ছোড়া ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ইসরায়েলের উত্তর ও দক্ষিণাঞ্চলে সতর্কতামূলক সাইরেন বাজাতে বাধ্য করে।
বিষয়টি নিয়ে গভীর উদ্বেগে পড়েছে দেশটির নিরাপত্তা সংস্থাগুলো।

ইসরায়েলি সংবাদমাধ্যম টাইমস অব ইসরায়েল এক প্রতিবেদনে জানায়,গভীর রাতে ইরান থেকে বেশ কয়েকটি ক্ষেপণাস্ত্র ইসরায়েলের অভ্যন্তরে প্রবেশ করে। এর ফলে সীমান্তবর্তী অনেক এলাকায় উচ্চ সতর্কতা জারি করা হয়।

ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী (আইডিএফ) এক বিবৃতিতে জানায়, হামলার সম্ভাবনার বিষয়ে আগে থেকেই গোয়েন্দা তথ্য পাওয়া গিয়েছিল। সেই অনুযায়ী অধিকাংশ এলাকায় পূর্ব সতর্কতা জারি করা হয় এবং কিছু ক্ষেপণাস্ত্র ভূপাতিতও করা হয়।

তবে এই হামলা এমন এক সময়ে এসেছে, যখন মাত্র একদিনের ব্যবধানে কার্যকর হওয়ার কথা ছিল তেহরান-তেল আবিবের মধ্যকার যুদ্ধবিরতি চুক্তি। যুদ্ধবিরতির পূর্ব মুহূর্তেই এমন হামলা নতুন করে প্রশ্ন তুলে  দিয়েছে চুক্তির ভবিষ্যৎ নিয়ে। রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন, ইরানের এই পদক্ষেপ হয়তো চুক্তিকে পুরোপুরি অনিশ্চয়তায় ঠেলে দিতে পারে।

এদিকে, আইডিএফের পক্ষ থেকে এখন পর্যন্ত ক্ষয়ক্ষতি বা পাল্টা অভিযানের বিষয়ে আনুষ্ঠানিকভাবে কিছু জানানো হয়নি। তবে সেনা ও গোয়েন্দা ইউনিটগুলো পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে বলে জানা গেছে।

উল্লেখ্য, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দিনভর আলোচনার পর যুদ্ধবিরতির ঘোষণা দেন। তিনি বলেন, 'আশা করছি, আমরা একটা চুক্তির কাছাকাছি চলে এসেছি যা অঞ্চলজুড়ে রক্তপাত বন্ধ করবে।'

কিন্তু ইরানের সর্বশেষ হামলা সেই আশাকে মুহূর্তেই ঝুঁকির মুখে ফেলেছে। এখন দেখার বিষয়, দুই পক্ষ এই উত্তেজনা কাটিয়ে আলোচনার টেবিলে ফিরবে, নাকি সামনে আরও ভয়াবহ সংঘাতের দিকে এগোবে মধ্যপ্রাচ্য।

মতামত দিন