আন্তর্জাতিক
ছবি: সংগৃহীত

ইরানে মার্কিন হামলার জবাবে পাল্টা হুঁশিয়ারি হুতিদের,হামাসের নিন্দা।

নিজস্ব প্রতিবেদক:

ইরানে যুক্তরাষ্ট্রের সামরিক অভিযানের প্রেক্ষিতে কঠোর প্রতিক্রিয়া জানিয়েছে ইয়েমেনভিত্তিক সশস্ত্র গোষ্ঠী হুতি। গোষ্ঠীটির রাজনৈতিক ব্যুরোর সদস্য হেজাম আল-আসাদ রবিবার (২২ জুন) সামাজিক মাধ্যমে সংক্ষিপ্ত বিবৃতিতে হুঁশিয়ারি দিয়ে বলেন, মার্কিন এই পদক্ষেপের মূল্য চুকাতে হবে।

এর আগে হুতির পক্ষ থেকে জানানো হয়, ইরানের ওপর হামলা হলে যুক্তরাষ্ট্রের রণতরী ও বাণিজ্যিক জাহাজগুলো লোহিত সাগরে সরাসরি ঝুঁকির মধ্যে পড়বে। তারা ইঙ্গিত দেয়, সংঘাতে যুক্তরাষ্ট্রের সক্রিয়তা বাড়লে হুতি গোষ্ঠী সামরিক প্রতিক্রিয়ায় যেতে পারে।

এদিকে ইরানবিরোধী এই হামলাকে ‘আঞ্চলিক অস্থিতিশীলতার ইন্ধন’ হিসেবে অভিহিত করেছে ফিলিস্তিনের প্রতিরোধ সংগঠন হামাস। এক বিবৃতিতে তারা জানায়, ইসরায়েলের স্বার্থে পরিচালিত এ হামলা গোটা অঞ্চলের নিরাপত্তাকে হুমকির মুখে ফেলবে।

হামাস আরও জানায়, এই হামলার মধ্য দিয়ে যুক্তরাষ্ট্র শুধু ইরান নয়, বরং মধ্যপ্রাচ্যের জনগণের বিরুদ্ধে অবস্থান নিচ্ছে। তারা ইরানি জনগণ ও সরকারের সঙ্গে একাত্মতা প্রকাশ করে এই আক্রমণের তীব্র প্রতিবাদ জানিয়েছে।

বিশ্লেষকদের মতে, সংঘাত যদি ছড়িয়ে পড়ে, তবে হুতি ও হামাসের মতো গোষ্ঠীগুলোর জড়িত হয়ে পড়া পুরো অঞ্চলকে দীর্ঘমেয়াদি সংঘাতের দিকে ঠেলে দিতে পারে।

মতামত দিন