নওগাঁ জেনারেল হাসপাতালে দুদকের অভিযান, খাবারে অনিয়ম ও ডাক্তারদের গাফিলতির প্রমাণ।
দুদক জানায়, হাসপাতালে খাবার বিতরণে অনিয়ম, ওষুধ কালোবাজারি, ডাক্তারদের দায়িত্বে গাফিলতি এবং টেন্ডার প্রক্রিয়ায় জটিল শর্ত সংযুক্তির মতো অভিযোগ পাওয়া যায়। অভিযানের সময় খাবার সরবরাহে অনিয়ম এবং চিকিৎসকদের সময়মতো উপস্থিত না থাকার বিষয়টি তাৎক্ষণিকভাবে প্রমাণিত হয়। এছাড়া সরকারি টেন্ডার সংক্রান্ত বেশ কিছু নথি জব্দ করা হয়েছে, যা পর্যালোচনা করে কমিশনে প্রতিবেদন পাঠানো হবে বলে জানানো হয়।
অভিযানের সময় হাসপাতালে চিকিৎসা নিতে আসা রোগীদের অভিজ্ঞতাও তুলে ধরা হয়। সন্তানকে ভর্তি করাতে আসা সুমি আক্তার বলেন, “হাসপাতালে ভর্তি করার পাঁচদিন হয়ে গেলেও কোনো খাবার পাইনি। হোটেল থেকে কিনে খেতে হচ্ছে। যারা খাবার দেয় তারা সবাইকে দেয় না।” একই অভিযোগ করেন আব্দুস সবুর নামে আরেক রোগী, যিনি জানান, তিনদিন হাসপাতালে থেকে কেবল একবার কলা, রুটি ও ডিম পেয়েছেন।
এ বিষয়ে জানতে চাইলে হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. জাহিদ নজরুল চৌধুরী বলেন, “আমাদের হাসপাতালে ২৫০ শয্যার অনুমোদন থাকলেও বরাদ্দ এখনো ১০০ শয্যার মতোই আসে। ফলে সবার জন্য খাবার নিশ্চিত করা সম্ভব হয় না। ডাক্তারদের অনিয়ম সম্পর্কেও কিছু সীমাবদ্ধতা রয়েছে, তবে দুদকের নির্দেশনা অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।”
দুদকের এই অভিযানকে সাধুবাদ জানিয়েছেন রোগী ও স্বজনরা। তারা চান, এমন অভিযান নিয়মিতভাবে পরিচালিত হোক, যাতে সরকারি হাসপাতালগুলোতে স্বচ্ছতা ও সেবার মান নিশ্চিত হয়।
মতামত দিন