জাতীয়
ছবি: সংগৃহীত

বাসে অতিরিক্ত ভাড়া ফেরত, মাঠে উপদেষ্টা:আসিফ মাহমুদ।

নিজস্ব প্রতিবেদক:

বাসযাত্রীদের কাছ থেকে নেওয়া অতিরিক্ত ভাড়া ফেরত দিতে সরাসরি মাঠে নেমেছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় এবং যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া। শুক্রবার (৬ জুন) নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে পোস্ট করা এক ভিডিওতে দেখা যায়, তিনি একটি বাসে উঠে যাত্রীদের কাছ থেকে ভাড়ার তথ্য নিচ্ছেন এবং অতিরিক্ত নেওয়া ভাড়া তাৎক্ষণিকভাবে ফেরতের নির্দেশ দিচ্ছেন।

ভিডিওতে যাত্রীরা জানান, নির্ধারিত ভাড়ার তুলনায় তাদের কাছ থেকে ৫০০ টাকা নেওয়া হয়েছে, যা প্রায় ২০০ টাকা বেশি। এ সময় উপদেষ্টা আসিফ মাহমুদ সুপারভাইজারকে নির্দেশ দেন প্রতিটি যাত্রীকে ২০০ টাকা করে ফেরত দিতে। সুপারভাইজার সম্মত হয়ে জানান, তিনি তাৎক্ষণিকভাবে যাত্রীদের ওই বাড়তি টাকা ফেরত দেবেন।

যদিও ভিডিওটি কোথা থেকে ধারণ করা হয়েছে তা জানা যায়নি, তবে সামাজিক যোগাযোগমাধ্যমে এটি ইতিমধ্যেই আলোচনার জন্ম দিয়েছে।

এর আগেই সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয় এবং রেল মন্ত্রণালয়ের উপদেষ্টা মুহাম্মদ ফাওজুল কবির খান জানিয়েছেন, জ্বালানি তেলের দাম কমায় বাসে বাড়তি ভাড়া নেওয়ার কোনো সুযোগ নেই। বৃহস্পতিবার (৫ জুন) রাজধানীর সায়েদাবাদ বাস টার্মিনাল পরিদর্শনে গিয়ে তিনি বলেন, যাত্রী হয়রানি বন্ধে সরকার তৎপর রয়েছে এবং কোনো অনিয়ম দেখলে তাৎক্ষণিক ব্যবস্থা নেওয়া হচ্ছে।

তিনি আরও জানান, একটি বাসে নির্ধারিত ভাড়ার চেয়ে ১০০ টাকা বেশি নেওয়ার প্রমাণ মিলেছে।সংশ্লিষ্টদের জরিমানার পাশাপাশি যাত্রীদের সেই অর্থ ফেরতও দেওয়া হয়েছে। নির্দিষ্ট অভিযোগ পেলেই তাৎক্ষণিক ব্যবস্থা নেওয়ারও আশ্বাস দেন তিনি।

ঈদযাত্রার ভিড়ে বাড়তি ভাড়া আদায়ের প্রবণতা রোধে এবার মাঠে প্রশাসনের সক্রিয় তৎপরতা সাধারণ মানুষের কাছে স্বস্তির বার্তা দিয়েছে।

মতামত দিন