মেঘনায় ট্রলার ডুবি: হাতিয়ায় ১৯ জন নিখোঁজ, ২০ জনকে জীবিত উদ্ধার।
শনিবার (৩১ মে) বিকেল ৩টার দিকে দুর্ঘটনাটি ঘটে। ট্রলারটি ভাসানচর থেকে নোয়াখালীর হরণী ইউনিয়নের আলী বাজার ঘাটের দিকে যাত্রা করছিল। পথে করিমবাজার সংলগ্ন নদী এলাকায় ঝড়ো আবহাওয়ার মধ্যে পড়ে ট্রলারটি ডুবে যায়।
জানা গেছে, দুপুর ২টার দিকে ভাসানচর থেকে রওনা হওয়া ট্রলারটিতে চারজন পুলিশ সদস্য, এক রোহিঙ্গা রোগী, আনসার সদস্য এবং কয়েকটি এনজিও সংস্থার কর্মীসহ মোট ৩৯ জন যাত্রী ছিলেন। ৭ থেকে ৮ কিলোমিটার অগ্রসর হওয়ার পর বৈরী আবহাওয়ার কারণে উঁচু ঢেউয়ের মুখে পড়ে এবং ডুবোচরে ধাক্কা খেয়ে ট্রলারটি ডুবে যায়।
প্রত্যক্ষদর্শীদের ভাষ্যমতে, নদীতে তখন প্রবল ঢেউ বইছিল। হাতিয়ার চানন্দী ইউনিয়নের কাছাকাছি তিনটি ট্রলার তাৎক্ষণিকভাবে এগিয়ে এসে ডুবে যাওয়া ট্রলারের ২০ জন যাত্রীকে উদ্ধার করে। তবে এখন পর্যন্ত ১৯ জনের কোনো সন্ধান পাওয়া যায়নি।
এ বিষয়ে হাতিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ কে এম আজমল হুদা গণমাধ্যমকে বলেন, “ট্রলারটিতে মোট ৩৯ জন যাত্রী ছিলেন। উদ্ধারকৃতদের মধ্যে ২০ জন জীবিত এবং নিখোঁজদের মধ্যে দুইজন পুলিশ সদস্য রয়েছেন। কোস্টগার্ড উদ্ধার অভিযানে মাঠে রয়েছে।”
এদিকে স্থানীয় জেলেরা উদ্ধার অভিযানে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছেন। নদী পরিস্থিতি এখনো প্রতিকূল থাকায় নিখোঁজদের উদ্ধারে অভিযান অব্যাহত রয়েছে বলে জানিয়েছে কর্তৃপক্ষ।

মতামত দিন