ডিসেম্বরের শুরুতেই বঙ্গোপসাগরে ঘূর্ণিঝড়ের শঙ্কা, নাম হতে পারে ‘কানি’।
দক্ষিণ আন্দামান সাগর থেকে বঙ্গোপসাগর পর্যন্ত আবহাওয়ার পরিস্থিতির ওপর নজর রাখছেন আবহাওয়াবিদরা। ডিসেম্বরের প্রথম সপ্তাহে সাগরে একটি নিম্নচাপ তৈরি হয়ে তা ঘূর্ণিঝড়ে রূপ নিতে পারে বলে পূর্বাভাস দিয়েছে ভারতের আবহাওয়া অধিদপ্তর (আইএমডি)।
আইএমডির পর্যবেক্ষণে, ২৯ নভেম্বর দক্ষিণ আন্দামান সাগরে একটি ঘূর্ণাবর্ত তৈরির অনুকূল পরিস্থিতি রয়েছে। এই ঘূর্ণাবর্তের প্রভাবে ৩০ নভেম্বর থেকে ২ ডিসেম্বরের মধ্যে দক্ষিণ-পূর্ব বঙ্গোপসাগরে নিম্নচাপ সৃষ্টি হতে পারে।
পরবর্তী কয়েক দিনে সাগরের ওপর এর শক্তি বাড়ার সম্ভাবনা রয়েছে। বিশেষ করে ২ থেকে ৫ ডিসেম্বরের মধ্যে নিম্নচাপটি আরও ঘনীভূত হতে পারে বলে জানিয়েছে সংস্থাটি। তবে নিম্নচাপ থেকে শেষ পর্যন্ত ঘূর্ণিঝড় তৈরি হবে কি না, সে বিষয়ে এখনো নিশ্চিত হওয়া যায়নি।
সম্ভাব্য দুর্যোগটির গতিপথ নিয়েও আবহাওয়া পূর্বাভাস মডেলগুলোর মধ্যে একমত নেই। কয়েকটি মডেলের বিশ্লেষণে দেখা যাচ্ছে, সাগরের ওপরেই নিম্নচাপটি শক্তি হারিয়ে দুর্বল হয়ে পড়তে পারে। অন্যদিকে, শক্তি সঞ্চয় করে ঘূর্ণিঝড়ে পরিণত হলে পশ্চিম ও উত্তর-পশ্চিম দিকে এগিয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে। সে ক্ষেত্রে শ্রীলঙ্কা ও ভারতের তামিলনাড়ু উপকূল এর সম্ভাব্য গতিপথে থাকতে পারে।
তবে পশ্চিমবঙ্গ উপকূল নিয়ে আপাতত উদ্বেগের কোনো কারণ দেখছে না আইএমডি। সংস্থাটির পূর্বাভাস অনুযায়ী, সম্ভাব্য ঘূর্ণিঝড়টির পশ্চিমবঙ্গে সরাসরি আঘাত হানার আশঙ্কা নেই।
সব মিলিয়ে ডিসেম্বরের শুরুতে বঙ্গোপসাগরের পরিস্থিতি কোন দিকে মোড় নেয়, তা নির্ভর করছে সম্ভাব্য নিম্নচাপটির শক্তি বৃদ্ধি ও গতিপথের ওপর। এ কারণে পরবর্তী আবহাওয়া পূর্বাভাসের দিকে নজর রাখছেন সংশ্লিষ্টরা।
মতামত দিন