রাজনীতি
ছবি: সংগৃহীত

সোহরাওয়ার্দী উদ্যানের পরিবর্তে নয়াপল্টনে সমাবেশের সিদ্ধান্ত বিএনপির,যোগ দেবেন প্রধানমন্ত্রী।

নিজেস্ব প্রতিবেদক:

সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার প্রথম মৃত্যুবার্ষিকীসহ বিভিন্ন দিবস সামনে রেখে ডিসেম্বরজুড়ে নানা কর্মসূচি হাতে নিয়েছে বিএনপি। মাসব্যাপী এই আয়োজনের সূচনা হবে আগামী ১ ডিসেম্বর।

আগে সোহরাওয়ার্দী উদ্যানে উদ্বোধনী সমাবেশ করার পরিকল্পনা থাকলেও স্থান পরিবর্তন করে তা নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে আয়োজনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সমাবেশে উপস্থিত থাকবেন প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারম্যান তারেক রহমান।

রোববার (২৯ নভেম্বর) নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে সংবাদ সম্মেলন করে কর্মসূচির স্থান পরিবর্তনের বিষয়টি জানান বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবীর রিজভী।

ঘোষিত কর্মসূচি অনুযায়ী, ডিসেম্বরের প্রথমার্ধে দলের বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠন পৃথক কর্মসূচি পালন করবে। ১ ডিসেম্বর উদ্বোধনী সমাবেশ ও সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে আয়োজন শুরু হবে। ৩ ডিসেম্বর শ্রমিক দল এবং ৫ ডিসেম্বর ছাত্রদলের কর্মসূচি রয়েছে। ৬ ডিসেম্বর স্বৈরাচার এরশাদবিরোধী আন্দোলনে পতনের দিনটি পালন করবে দলটি। পরদিন ৭ ডিসেম্বর যুবদল এবং ৮ ডিসেম্বর স্বেচ্ছাসেবক দল কর্মসূচি পালন করবে। ৯ ডিসেম্বর মহিলা দলের আয়োজন এবং ১০ ডিসেম্বর আন্তর্জাতিক মানবাধিকার দিবস উপলক্ষে কর্মসূচি থাকবে।

এ ছাড়া ১২ ডিসেম্বর কৃষক দলের কর্মসূচি, ১৩ ডিসেম্বর আলোচনা সভা এবং ১৪ ডিসেম্বর শহীদ বুদ্ধিজীবী দিবস পালন করবে বিএনপি। বিজয় দিবস উপলক্ষে ১৫ ডিসেম্বর আলোচনা সভা এবং ১৬ ডিসেম্বর জাতীয় পতাকা উত্তোলনসহ মহান বিজয় দিবসের কর্মসূচি পালনের পরিকল্পনা রয়েছে। ১৭ ডিসেম্বর আয়োজন করা হবে বিজয় র‍্যালি। পরদিন ১৮ ডিসেম্বর মুক্তিযোদ্ধাদের সমাবেশ অনুষ্ঠিত হবে।

মাসের শেষার্ধেও একাধিক কর্মসূচি রেখেছে দলটি। ২০ ডিসেম্বর স্বেচ্ছাসেবক দল, ২১ ডিসেম্বর যুবদল এবং ২২ ডিসেম্বর ছাত্রদলের আয়োজন রয়েছে। ২৩ ডিসেম্বর তাঁতী দল, মৎস্যজীবী দল, উলামা দল ও জাসাসের কর্মসূচি পালিত হবে।

এ ছাড়া ২৫ ডিসেম্বর তারেক রহমানের স্বদেশ প্রত্যাবর্তন দিবস উপলক্ষে বিশেষ আয়োজন থাকবে। ২৬ ও ২৭ ডিসেম্বর যথাক্রমে ঢাকা মহানগর দক্ষিণ ও উত্তর বিএনপি পদযাত্রা করবে। ২৮ ডিসেম্বর আয়োজন করা হবে নাগরিক শোকসভা। সবশেষে ৩০ ডিসেম্বর খালেদা জিয়ার প্রথম মৃত্যুবার্ষিকী উপলক্ষে স্মরণসভার মধ্য দিয়ে মাসব্যাপী কর্মসূচি শেষ হবে।

মতামত দিন