জাতীয়
ছবি: সংগৃহীত

ইউপি নির্বাচনে প্রার্থীদের ‘ফাউল’ আচরণ ঠেকাতে দলগুলোর সহযোগিতা চান সিইসি।

নিজেস্ব প্রতিবেদক:

আগামী বছরের স্থানীয় সরকার নির্বাচনকে কেন্দ্র করে রাজনৈতিক দলগুলোর সঙ্গে সমন্বয় বাড়াতে চায় নির্বাচন কমিশন (ইসি)। এর অংশ হিসেবে ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচন দিয়ে স্থানীয় ভোটের আয়োজন শুরু করার পরিকল্পনা নিয়েছে কমিশন।

নির্দলীয় এই নির্বাচনকে কেন্দ্র করে প্রার্থীদের আচরণ নিয়ন্ত্রণ এবং ভোটের পরিবেশ শান্তিপূর্ণ রাখতে রাজনৈতিক দলগুলোর সহযোগিতা চেয়েছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন।

রোববার (২৯ নভেম্বর) সকালে রাজধানীর নির্বাচন ভবনে রাজনৈতিক দলগুলোর প্রতিনিধিদের সঙ্গে মতবিনিময় সভায় তিনি এ আহ্বান জানান। সভায় চার নির্বাচন কমিশনার, ইসি সচিবসহ বিভিন্ন রাজনৈতিক দলের প্রতিনিধিরা অংশ নেন।

স্থানীয় নির্বাচনের পরিকল্পনা তুলে ধরে সিইসি জানান, প্রথমে দেশের প্রায় সাড়ে চার হাজার ইউনিয়ন পরিষদের নির্বাচন আয়োজন করতে চায় কমিশন। পাঁচটি ধাপে এসব ভোট নেওয়ার পরিকল্পনা রয়েছে, যার প্রথম ধাপ শুরু হতে পারে আগামী ২১ জানুয়ারি থেকে। এরপর পর্যায়ক্রমে সিটি করপোরেশন, পৌরসভা, উপজেলা ও জেলা পরিষদের নির্বাচন অনুষ্ঠিত হবে। পুরো প্রক্রিয়া সম্পন্ন করতে প্রায় ১০ মাস থেকে এক বছর সময় লাগতে পারে।

নির্বাচনে দলীয় প্রতীক না থাকলেও রাজনৈতিক দলগুলোর প্রভাব ও সমর্থন যে থাকবে, সেটিও স্বীকার করেন সিইসি। তাঁর মতে, অনেক প্রার্থী স্বতন্ত্র পরিচয়ে প্রতিদ্বন্দ্বিতা করলেও তাঁদের পেছনে বিভিন্ন দলের নেতাকর্মীদের সমর্থন থাকতে পারে। ফলে নির্বাচন নির্দলীয় হলেও ভোটের পরিবেশ ঠিক রাখতে রাজনৈতিক দলগুলোর দায়িত্ব রয়েছে।

প্রার্থীদের আচরণ প্রসঙ্গে নাসির উদ্দিন বলেন, কেউ যেন অসৎ উদ্দেশ্য নিয়ে নির্বাচনী মাঠে না নামেন। কেউ অনিয়ম বা অসদাচরণের চেষ্টা করলে নির্বাচন কমিশনের পাশে দাঁড়ানোর জন্য দলগুলোর প্রতি আহ্বান জানান তিনি। তাঁর ভাষ্য, অবাধ ও নিরপেক্ষ নির্বাচন আয়োজন ছাড়া কমিশনের অন্য কোনো উদ্দেশ্য নেই।

এ সময় ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন আয়োজনের অভিজ্ঞতার কথাও তুলে ধরেন সিইসি। রাজনৈতিক দলগুলোর সহযোগিতায় সহিংসতা ছাড়াই জাতীয় নির্বাচন সম্পন্ন করা সম্ভব হয়েছে উল্লেখ করে তিনি বলেন, স্থানীয় নির্বাচনেও একই ধরনের শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখতে চান তাঁরা।

নির্বাচনকে অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ ও গ্রহণযোগ্য করার মতো বিশেষণ ব্যবহারের পরিবর্তে ভোটারদের নির্বিঘ্নে ভোট দেওয়ার সুযোগ নিশ্চিত করার ওপর গুরুত্ব দেন তিনি। তাঁর মতে, ভোটাররা পছন্দের প্রার্থীকে ভোট দিয়ে নিরাপদে বাড়ি ফিরতে পারলেই একটি নির্বাচন যথার্থভাবে সম্পন্ন হয়েছে বলা যায়।

রাজনৈতিক দলগুলোর সহযোগিতা পাওয়ার বিষয়ে আশাবাদ ব্যক্ত করতে গিয়ে মৌলভীবাজারের চা-শ্রমিকদের সাম্প্রতিক নির্বাচনের উদাহরণ দেন সিইসি। গত শনিবার অনুষ্ঠিত ওই নির্বাচনের পরিবেশ ও ভোটারদের শৃঙ্খলার প্রশংসা করেন তিনি। নারী-পুরুষের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ, সুশৃঙ্খলভাবে লাইনে দাঁড়িয়ে ভোট দেওয়া এবং কোনো ধরনের বিশৃঙ্খলা না থাকায় সন্তোষ প্রকাশ করেন নাসির উদ্দিন।

তিনি বলেন, চা-শ্রমিকদের নির্বাচন দেখে মনে হয়েছে, নির্বাচনের বিষয়ে তাঁরা অনেক বেশি সচেতন। টি গার্ড অ্যাসোসিয়েশন যদি এমন শান্তিপূর্ণ নির্বাচন আয়োজন করতে পারে, তাহলে রাজনৈতিক দলগুলোর সহযোগিতা নিয়েও একই ধরনের ভোট আয়োজন করা সম্ভব।

স্থানীয় নির্বাচন ঘিরে ভবিষ্যতে বিভিন্ন চ্যালেঞ্জ তৈরি হতে পারে উল্লেখ করে সিইসি বলেন, এসব পরিস্থিতি রাজনৈতিক দলগুলোকে সঙ্গে নিয়েই মোকাবিলা করতে চায় কমিশন। বিরোধী দলসহ বিভিন্ন পক্ষ স্থানীয় নির্বাচন আয়োজনের দাবি জানিয়েছে। তাই সবার মতামত ও পরামর্শ নিয়ে ধাপে ধাপে ভোটের আয়োজন করতে চায় ইসি।

মতামত দিন