অপরাধ
ছবি: সংগৃহীত

রাজধানীতে ডিএমপির অভিযানে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৪৪২।

নিজেস্ব প্রতিবেদক:

রাজধানীতে আইনশৃঙ্খলা রক্ষায় পুলিশের ধারাবাহিক অভিযানে বিপুলসংখ্যক ব্যক্তিকে গ্রেপ্তারের পাশাপাশি বিস্ফোরক, মাদক ও বিভিন্ন সরঞ্জাম উদ্ধার করা হয়েছে। গত ২৪ ঘণ্টায় ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) আটটি অপরাধ বিভাগ ও গোয়েন্দা বিভাগে পরিচালিত এসব অভিযানে মোট ৪৪২ জন গ্রেপ্তার হয়েছেন।

অভিযানে উদ্ধার করা সামগ্রীর মধ্যে রয়েছে পাঁচটি অবিস্ফোরিত ককটেল, বিস্ফোরিত ১২টি ককটেলের খণ্ডাংশ এবং একটি বিস্ফোরিত পেট্রোল বোমার অংশ। মাদকদ্রব্যের মধ্যে পাওয়া গেছে ৩ হাজার ৫২০ পিস ইয়াবা, ১০ বোতল ফেনসিডিল ও ৯৬ গ্রাম গাঁজা। এ ছাড়া একটি চাইনিজ কুড়াল ও ১২টি মোবাইল ফোন জব্দ করা হয়েছে।

গ্রেপ্তারের পরিসংখ্যানে শীর্ষে রয়েছে মিরপুর বিভাগ। এই বিভাগ থেকে ১১১ জনকে আটক করা হয়েছে। দ্বিতীয় অবস্থানে ওয়ারী বিভাগ, সেখান থেকে গ্রেপ্তার হয়েছেন ৭৯ জন। তেজগাঁও বিভাগে ৬৭, মতিঝিলে ৪৬, উত্তরা বিভাগে ৪৪, লালবাগে ৪৩, গুলশানে ৩০ এবং রমনা বিভাগে ১৭ জনকে গ্রেপ্তার করা হয়। এ ছাড়া গোয়েন্দা বিভাগ গ্রেপ্তার করেছে পাঁচজনকে।

এসব ঘটনায় সংশ্লিষ্ট থানাগুলোতে ৪১টি মামলা দায়ের করা হয়েছে। গ্রেপ্তার ব্যক্তিদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত পদক্ষেপ নেওয়ার কার্যক্রম চলছে।

রোববার (২৯ নভেম্বর) ডিএমপির মিডিয়া ও পাবলিক রিলেশন্স বিভাগ থেকে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে অভিযানের এসব তথ্য জানানো হয়।

মতামত দিন