আবহাওয়া
ছবি: সংগৃহীত

পঞ্চগড়ে শীতের দাপট শুরু, তাপমাত্রা নেমেছে ১৩ দশমিক ১ ডিগ্রিতে।

নিজেস্ব প্রতিবেদক:

রাতের তাপমাত্রা কমার সঙ্গে সঙ্গে উত্তরের জনপদ পঞ্চগড়ে শীতের অনুভূতি বাড়ছে। বিশেষ করে ভোরে ঘন কুয়াশায় ঢেকে যাচ্ছে জেলার বিভিন্ন এলাকা।

তেঁতুলিয়ায় টানা পাঁচ দিন ধরে সর্বনিম্ন তাপমাত্রা ১৫ ডিগ্রি সেলসিয়াসের ঘরে পৌঁছাতে পারেনি। শনিবার (২৮ নভেম্বর) সেখানে তাপমাত্রা নেমেছে ১৩ দশমিক ১ ডিগ্রিতে।

আবহাওয়া পর্যবেক্ষণ কেন্দ্রের পরিসংখ্যানে দেখা যায়, গত পাঁচ দিনে তেঁতুলিয়ার তাপমাত্রায় ওঠানামা থাকলেও শীতের প্রবণতা অব্যাহত রয়েছে। শুক্রবার সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১৪ দশমিক ৭ ডিগ্রি। এর আগের তিন দিন অর্থাৎ বৃহস্পতিবার ১৪ দশমিক ১, বুধবার ১৩ দশমিক ৫ এবং মঙ্গলবার ১৪ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়েছিল।

এদিকে কুয়াশার ঘনত্ব আরও বাড়ার আশঙ্কা রয়েছে। বাতাসে জলীয় বাষ্পের আধিক্যের কারণে ভোরের দিকে কুয়াশা বেশি হতে পারে বলে জানিয়েছেন তেঁতুলিয়া আবহাওয়া পর্যবেক্ষণ কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা জিতেন্দ্রনাথ রায়।

তিনি আরও জানান, আগামী কয়েক দিনে রাতের তাপমাত্রা কিছুটা কমতে পারে। এতে পঞ্চগড়সহ আশপাশের এলাকায় শীতের তীব্রতা বাড়ার সম্ভাবনা রয়েছে।

মতামত দিন