আন্তর্জাতিক
ছবি: সংগৃহীত

ইয়েমেনের চার প্রদেশে বিমান হামলা, সংঘাতের মধ্যে নিরাপত্তা কর্মকর্তা নিহত।

নিজেস্ব প্রতিবেদক:

যুদ্ধের প্রভাব থেকে রেহাই পাচ্ছে না ইয়েমেনের সাধারণ মানুষ। তায়েজ প্রদেশে কয়েক মাসে গোলাবর্ষণ ও স্নাইপার হামলায় প্রাণ হারিয়েছেন ৪২ নারী ও মেয়ে শিশু।

আহত হয়েছেন আরও ১৬১ জন। এর মধ্যেই দেশটির বিভিন্ন অঞ্চলে সরকারি বাহিনী ও হুতিদের সামরিক তৎপরতা বেড়েছে। নতুন করে চার প্রদেশে বিমান হামলার খবর পাওয়া গেছে।

তায়েজের সরকারি অবরোধবিষয়ক দপ্তর জানিয়েছে, গত ১০ আগস্ট থেকে ১৭ নভেম্বর পর্যন্ত এসব হতাহতের ঘটনা ঘটেছে। অন্যদিকে, দক্ষিণাঞ্চলীয় লাহজে নিরাপত্তা বাহিনীর ওপর বোমা হামলায় আহত এক কর্মকর্তার মৃত্যু হয়েছে। গ্রিন সিটি পুলিশের প্রধান ক্যাপ্টেন আওয়াস মোহাম্মদ ইস্কান্দার শুক্রবার মারা যান। মঙ্গলবার আল-ফাইউশ এলাকায় তার টহল দলকে লক্ষ্য করে সড়কের পাশে রাখা বোমার বিস্ফোরণ ঘটানো হয়েছিল। আল-মাসদার অনলাইনের তথ্য অনুযায়ী, চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

এদিকে শুক্রবার ইয়েমেনের সরকারি বাহিনী তায়েজ ও আল-জাওফে হুতিদের লক্ষ্য করে অভিযান চালানোর কথা জানিয়েছে। সেনাবাহিনীর দাবি, তায়েজের দক্ষিণাঞ্চলে আল-আকরা ফ্রন্টের মাউন্ট ধাহিহ এলাকায় যুদ্ধবিমান দিয়ে হামলা করা হয়েছে। আল-আকরা ফ্রন্ট থেকে তায়েজ শহরের বিস্তীর্ণ এলাকা পর্যবেক্ষণ করা সম্ভব হওয়ায় সামরিক অবস্থানটি গুরুত্বপূর্ণ বলে বিবেচিত।

আল-জাওফে কয়েকটি সামরিক ফ্রন্টে হুতিদের যানবাহন লক্ষ্য করে ড্রোন ব্যবহার করেছে সরকারি বাহিনী। সেনাবাহিনীর ওয়েবসাইট ‘সেপ্টেম্বর নেট’-এ অভিযানের ভিডিও প্রকাশ করা হয়েছে। তবে কোনো হামলায় কতটা ক্ষয়ক্ষতি হয়েছে, সে বিষয়ে তথ্য দেওয়া হয়নি। সৌদি আরবের সঙ্গে সীমান্তবর্তী এই প্রদেশের রাজধানী আল-হাজমসহ কয়েকটি এলাকা হুতিদের নিয়ন্ত্রণে রয়েছে।

সরকারি বাহিনীর অভিযানের পাশাপাশি সৌদি বিমান হামলার অভিযোগও তুলেছে হুতিরা। তাদের দাবি, তায়েজ ছাড়াও আল-হুদায়দা ও সা’দা প্রদেশে সৌদি আরব হামলা চালিয়েছে। তবে এসব হামলার বিষয়ে বিস্তারিত তথ্য পাওয়া যায়নি।

বার্তা সংস্থা আনাদোলু জানিয়েছে, গত জুলাই থেকে সরকারি বাহিনী ও হুতিদের মধ্যে সংঘর্ষ নতুন করে তীব্র হয়েছে। তায়েজ, লাহজ ও মারিবে লড়াইয়ের বিস্তার ঘটেছে। এর ফলে ২০২২ সালের এপ্রিল থেকে চলা আপেক্ষিক শান্ত পরিস্থিতি আর বজায় থাকছে না। সংঘাতের পাশাপাশি বাস্তুচ্যুতি বাড়ায় আগে থেকেই মানবিক সংকটে থাকা দেশটির পরিস্থিতি আরও জটিল হচ্ছে।

ইয়েমেনের চলমান সংঘাতের সূত্রপাত ২০১৪ সালে, যখন হুতি বিদ্রোহীরা রাজধানী সানাসহ দেশের কয়েকটি গুরুত্বপূর্ণ এলাকার নিয়ন্ত্রণ নেয়। পরিস্থিতির ধারাবাহিকতায় ২০১৫ সালের মার্চে আন্তর্জাতিক স্বীকৃতিপ্রাপ্ত সরকারের পক্ষে যুদ্ধে যোগ দেয় সৌদি নেতৃত্বাধীন আরব সামরিক জোট।

সূত্র: আনাদোলু

মতামত দিন