জাতীয়
ছবি: সংগৃহীত

সন্তানের মরদেহ কারাফটকে নেওয়ার পর শেষবার দেখলেন কারাগারে বন্দি মা।

নিজেস্ব প্রতিবেদক:

জীবিত অবস্থায় মায়ের দেখা আর পাওয়া হলো না বিশেষ চাহিদাসম্পন্ন শিশু নিস্বর্গ হোসেন তূর্যের। সন্তানের মৃত্যুর পর তার মরদেহ কারাগারের ফটকে নিয়ে যাওয়ার ব্যবস্থা করেন স্বজনরা।

সেখানে শেষবারের মতো ছেলের মুখ দেখার সুযোগ পান বন্দি মা শারমিন সুলতানা শর্মী। শনিবার (২৮ নভেম্বর) দুপুরে গাজীপুরের কাশিমপুর মহিলা কেন্দ্রীয় কারাগারে এ হৃদয়বিদারক ঘটনা ঘটে।

পরিবারের সদস্যরা জানান, তূর্যের মরদেহ নিয়ে কারাগারে যান তার বাবা শাহাদাৎ হোসেন নিপু। দুপুর ১২টার দিকে কারাফটকে ছেলের মুখ দেখেন শারমিন সুলতানা। এরপর মরদেহ নিয়ে সেখান থেকে চলে যান স্বজনরা।

বিষয়টি নিশ্চিত করে বাবা শাহাদাৎ হোসেন নিপু জানান, কারাফটকে সন্তানের সঙ্গে মায়ের শেষ দেখা হয়েছে।

কারাগারের সিনিয়র জেল সুপার (অতিরিক্ত দায়িত্ব) মো. নজরুল ইসলাম বলেন, ছেলের মরদেহ শেষবার দেখার জন্য পরিবারের পক্ষ থেকে আবেদন করা হয়েছিল। ঊর্ধ্বতন কর্তৃপক্ষের অনুমতি নিয়ে মানবিক বিবেচনায় বন্দি মাকে সন্তানকে দেখানোর ব্যবস্থা করা হয়।

এর আগে শুক্রবার (২৭ নভেম্বর) রাত সাড়ে ১০টার দিকে মারা যায় তূর্য। সন্তানের মৃত্যুসংবাদ পেয়ে তাকে শেষবারের মতো দেখতে মায়ের প্যারোলে মুক্তির আবেদন জানিয়েছিল পরিবার। তবে সেই অনুমতি না পাওয়ায় ছেলের মরদেহ কারাগারে নিয়ে যাওয়ার সিদ্ধান্ত নেন স্বজনরা।

গত ৪ অক্টোবর রাজধানীর লালবাগ থানায় সন্ত্রাসবিরোধী আইনে করা একটি মামলায় গ্রেপ্তার হন শারমিন সুলতানা শর্মী (৪৪)। গ্রেপ্তারের পর আদালতে নেওয়ার সময় বিশেষ চাহিদাসম্পন্ন ছেলের দেখভাল নিয়ে উদ্বেগ প্রকাশ করে কান্নায় ভেঙে পড়েছিলেন তিনি। আদালতে জানিয়েছিলেন, সন্তানকে নিয়মিত ওষুধ খাওয়াতে হয় এবং মা-বাবা ছাড়া তার যত্ন নেওয়ার মতো কেউ নেই। ওই সময় তার কান্নার ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে।

শর্মীর সন্তানের দেখভালের বিষয়টি বিবেচনায় নিয়ে তার মুক্তির দাবিও উঠেছিল। তবে আদালত তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

উল্লেখ্য, শারমিন সুলতানা শর্মী নিষিদ্ধ ছাত্রলীগের ইডেন মহিলা কলেজ শাখার সাবেক সাংগঠনিক সম্পাদক। তিনি কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের উপকমিটির সাবেক সহসম্পাদক এবং ২০১৭ থেকে ২০২২ মেয়াদে যুব মহিলা লীগের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক ছিলেন।

মতামত দিন