দুই দিনে দুই দফা বাড়ল স্বর্ণের দাম।
চলতি বছরে দেশের বাজারে ১৪৮ দফা সমন্বয়ের মধ্য দিয়ে গেছে স্বর্ণের দাম। এর মধ্যে ৭০ বার বেড়েছে, কমেছে ৭৭ বার।
নতুন দর অনুযায়ী, ২১ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণ কিনতে খরচ হবে ১ লাখ ৯২ হাজার ৫১৪ টাকা। ১৮ ক্যারেটের দাম ১ লাখ ৬৫ হাজার ৩৩৭ টাকা এবং সনাতন পদ্ধতির স্বর্ণের ভরি নির্ধারণ করা হয়েছে ১ লাখ ৩৪ হাজার ৭৭৮ টাকা।
মাত্র এক দিন আগেও স্বর্ণের দাম সমন্বয় করা হয়েছিল। ২৭ নভেম্বর ২২ ক্যারেটের ভরিতে ১ হাজার ৫০ টাকা বাড়িয়ে দাম নির্ধারণ করা হয় ১ লাখ ৯৮ হাজার ৯৩০ টাকা। এবার তার সঙ্গে আরও ২ হাজার ৬২৪ টাকা যোগ হলো।
স্থানীয় বাজারে তেজাবি স্বর্ণের দাম বৃদ্ধিকে নতুন মূল্য নির্ধারণের কারণ হিসেবে উল্লেখ করেছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)। শনিবার সকালে প্রকাশিত বিজ্ঞপ্তিতে জানানো হয়, সকাল ১০টা থেকে সংশোধিত দর কার্যকর হয়েছে।
নতুন মূল্যতালিকার বাইরে অলঙ্কারের নকশা অনুযায়ী মজুরি যুক্ত হবে। তবে স্বর্ণ ও রুপার গয়নার বিক্রয়মূল্যের সঙ্গে ভ্যাট অন্তর্ভুক্ত থাকায় ক্রেতার কাছ থেকে আলাদাভাবে ভ্যাট নেওয়ার সুযোগ নেই। পুরোনো গয়না পরিবর্তনের ক্ষেত্রে মজুরি ও পাথরের দাম বাদ দিয়ে ৯ শতাংশ এবং পুরোনো স্বর্ণ কেনার ক্ষেত্রে ১৫ শতাংশ কর্তনের নিয়ম রয়েছে। এসব ক্ষেত্রে আলাদাভাবে ভ্যাট বাদ দেওয়া যাবে না।
বাজুস জানিয়েছে, পরবর্তী ঘোষণা না আসা পর্যন্ত সারা দেশের জুয়েলারি প্রতিষ্ঠানগুলোতে এই দর বহাল থাকবে।
মতামত দিন