দেশের ৩৮টি গুরুত্বপূর্ণ রেলস্টেশন ও থানার নিরাপত্তায় ১৪ প্লাটুন আনসার মোতায়েন।
দেশের ৩৮টি গুরুত্বপূর্ণ রেলওয়ে স্টেশন ও থানায় নিরাপত্তার দায়িত্ব পালন করছেন আনসার ব্যাটালিয়নের সদস্যরা। রেলপথে যাত্রীদের জানমালের সুরক্ষা এবং ট্রেন চলাচল নির্বিঘ্ন রাখতে ১৪ প্লাটুন সদস্য মোতায়েন করেছে বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী।
নিরাপত্তা কার্যক্রম পরিচালনায় ৩৮টি স্থানে একজন করে কোম্পানি কমান্ডার ও সার্কেল অ্যাডজুটেন্ট দায়িত্বে রয়েছেন। পাশাপাশি সংশ্লিষ্ট ব্যাটালিয়নের পরিচালক ও জেলা কমান্ড্যান্টরা সার্বক্ষণিক পরিস্থিতি পর্যবেক্ষণ করছেন।
রেলওয়ে পুলিশ হেডকোয়ার্টার্সের চাহিদার ভিত্তিতে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অনুমোদন নিয়ে এ মোতায়েন কার্যক্রম পরিচালনা করা হয়েছে। বাহিনীর মহাপরিচালক মেজর জেনারেল আবদুল মোতালেব সাজ্জাদ মাহমুদের নির্দেশনায় সদস্যরা দায়িত্ব পালন করছেন।
শনিবার (২৮ নভেম্বর) আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর সহকারী পরিচালক ও গণসংযোগ কর্মকর্তা মো. নাজমুস সাকিব স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, রেলওয়েসহ বিভিন্ন স্থানে শৃঙ্খলা বজায় রাখতে অন্যান্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে সমন্বয় করে কাজ করছেন আনসার সদস্যরা। রায়ট কন্ট্রোলে বিশেষ প্রশিক্ষণপ্রাপ্ত এসব সদস্য নাশকতা ও বিশৃঙ্খলা প্রতিরোধেও দায়িত্ব পালন করছেন।
এদিকে পোশাকশ্রমিকদের অসন্তোষসহ সাম্প্রতিক সহিংসতার পরিস্থিতি নিয়ন্ত্রণে গাজীপুর, নারায়ণগঞ্জ ও গোপালগঞ্জসহ দেশের নয়টি গুরুত্বপূর্ণ জেলায় প্রায় এক মাস ধরে ৫৯ প্লাটুন আনসার ব্যাটালিয়ন সদস্য মোতায়েন রয়েছে।

মতামত দিন