রাজধানীতে আবাসিক হোটেলে ভয়াবহ হামলা, ম্যানেজারকে কুপিয়ে হত্যা।
রাজধানীর ওয়ারীতে একটি আবাসিক হোটেলে হামলার ঘটনায় একজন নিহত ও দুজন আহত হয়েছেন। বৃহস্পতিবার গভীর রাতে দুই ব্যক্তি দেশীয় অস্ত্র নিয়ে হোটেলটিতে ঢুকে কর্মীদের ওপর হামলা চালান।
হামলার পর আহত তিনজনকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। সেখানে জরুরি বিভাগের চিকিৎসক নাঈমুর রহমানকে মৃত ঘোষণা করেন। পরে আহত দুজনকে প্রাথমিক চিকিৎসা দিয়ে শ্যামলীর একটি হাসপাতালে পাঠানো হয়। তাদের মধ্যে আব্দুর রাজ্জাকের পিঠে গুরুতর জখম এবং হাসানের পেটে ছুরিকাঘাতের চিহ্ন রয়েছে।
বৃহস্পতিবার (২৬ নভেম্বর) দিবাগত রাত আনুমানিক ২টার দিকে জয়কালী মন্দিরের পাশের ওসমানী ইন্টারন্যাশনাল আবাসিক হোটেলে এ ঘটনা ঘটে। নিহত নাঈমুর রহমান রাজবাড়ীর গোয়ালন্দ থানার পূর্ব উজানচড় গ্রামের গোলাম মোস্তফার ছেলে। তিনি ওই হোটেলেই থাকতেন।
ওয়ারী থানার উপপরিদর্শক (এসআই) মো. আল-আমিন মিয়া জানান, দুই ব্যক্তি হোটেলে প্রবেশ করে ম্যানেজার নাঈমুর রহমানকে এলোপাতাড়ি কোপাতে থাকেন। তাকে রক্ষা করতে এগিয়ে গেলে জেনারেল ম্যানেজার ও এক কর্মচারীও হামলার শিকার হন।
পুলিশের প্রাথমিক তথ্যে, স্থানীয় এক মুরগি ব্যবসায়ী ও তার ছেলে এ হামলায় জড়িত থাকতে পারেন। তবে কী কারণে এ হামলা চালানো হয়েছে, তা এখনো নিশ্চিত হওয়া যায়নি। ঘটনার তদন্ত চলছে বলে জানিয়েছেন পুলিশের ওই কর্মকর্তা।
নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে রাখা হয়েছে।

মতামত দিন