সারের মজুত বাড়াতে ৪০ হাজার টন এমওপি ও ৭০ হাজার টন ইউরিয়া আমদানির অনুমোদন।
কানাডা ও সৌদি আরব থেকে মোট ১ লাখ ১০ হাজার টন সার কেনার অনুমোদন দিয়েছে সরকার। এর মধ্যে ৪০ হাজার টন মিউরেট অব পটাশ (এমওপি) এবং ৭০ হাজার টন দানাদার ইউরিয়া সার রয়েছে।
আমদানির মধ্যে কানাডার প্রতিষ্ঠান কানাডিয়ান কমার্শিয়াল কর্পোরেশন (সিসিসি) থেকে ৪০ হাজার টন এমওপি সার কিনবে বাংলাদেশ কৃষি উন্নয়ন কর্পোরেশন (বিএডিসি)। প্রতি টন ৩৬৫ দশমিক ৭৫ মার্কিন ডলার হিসাবে এতে খরচ হবে ১৮২ কোটি ৬৬ লাখ টাকা।
ইউরিয়া সার সরবরাহ করবে সৌদি আরবের প্রতিষ্ঠান সাবিক অ্যাগ্রি-নিউট্রিয়েন্টস কোম্পানি। প্রতিষ্ঠানটি থেকে ৪০ হাজার টন বাল্ক দানাদার ইউরিয়া কেনা হবে। প্রতি টনের দাম ৪২৩ দশমিক ৩৩ ডলার হিসাবে এ চালানে ব্যয় হবে ২১১ কোটি ২৪ লাখ টাকা।
এ ছাড়া একই প্রতিষ্ঠান থেকে আরও ৩০ হাজার টন ব্যাগড দানাদার ইউরিয়া আমদানি করা হবে। প্রতি টন ৩৯৭ দশমিক ৮৮ ডলার দরে এ চালানের জন্য ব্যয় নির্ধারণ করা হয়েছে প্রায় ১৪৯ কোটি ১৪ লাখ টাকা।
বুধবার (২৫ নভেম্বর) অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠিত সরকারি ক্রয়সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির ৫৪তম সভায় এসব ক্রয় প্রস্তাব অনুমোদন পায়। বৃহস্পতিবার (২৬ নভেম্বর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি জানানো হয়।
সভায় শিল্প মন্ত্রণালয় থেকে ইউরিয়া সার আমদানির দুটি প্রস্তাব এবং কৃষি মন্ত্রণালয় থেকে এমওপি সার আমদানির প্রস্তাব উত্থাপন করা হয়।
সূত্র: বাসস

মতামত দিন