জাতীয়
ছবি: সংগৃহীত

লেখাপড়ায় আর কোনো দুর্নীতি চলবে না, দেশে নকলও বরদাশত করা হবে না:শিক্ষামন্ত্রী।

নিজেস্ব প্রতিবেদক:

শিক্ষাপ্রতিষ্ঠানের ফলাফলের ভিত্তিতে ভবন ও সুযোগ-সুবিধা বরাদ্দ দেওয়া হবে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহসানুল হক মিলন। তিনি বলেছেন, যেসব প্রতিষ্ঠানের ফলাফল খারাপ হবে, সেগুলো নতুন ভবন বা অতিরিক্ত সুযোগ-সুবিধা পাবে না।

একই সঙ্গে গত ১৯ বছরে ভবন না পাওয়া শিক্ষাপ্রতিষ্ঠানগুলোর জন্য ভবন বরাদ্দের উদ্যোগ নেওয়া হবে।

বৃহস্পতিবার (২৬ নভেম্বর) নাটোর নবাব সিরাজ-উদ-দৌলা সরকারি কলেজের বার্ষিক ক্রীড়া ও সাহিত্য-সংস্কৃতি প্রতিযোগিতার পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি। এ সময় নাটোরে একটি কৃষি বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার ঘোষণাও দেন শিক্ষামন্ত্রী।

শিক্ষাব্যবস্থায় অনিয়ম বন্ধের বিষয়ে কঠোর অবস্থানের কথা জানিয়ে তিনি বলেন, লেখাপড়ায় কোনো ধরনের দুর্নীতি ও পরীক্ষায় নকল বরদাশত করা হবে না। শ্রেণিকক্ষে পাঠদান না করে রাজনৈতিক দলের মিছিল-মিটিংয়ে অংশ নেওয়া শিক্ষকদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। বেতনভুক্ত শিক্ষকরা প্রজাতন্ত্রের কর্মচারী; তাঁরা ইচ্ছামতো মিছিল-মিটিংয়ে অংশ নিয়ে রাষ্ট্রবিরোধী কর্মকাণ্ডে জড়াতে পারেন না।

শিক্ষকদের কোচিং বাণিজ্য নিয়েও সতর্ক করেন মন্ত্রী। তিনি জানান, শ্রেণিকক্ষে পাঠদান বাদ দিয়ে কোচিং সেন্টারে পড়ান—এমন শিক্ষকদের তালিকা করা হচ্ছে। এমপিওভুক্ত শিক্ষকদের কোচিং সেন্টারে গিয়ে পড়ানোর সুযোগ থাকবে না।

পরীক্ষার খাতা মূল্যায়ন প্রসঙ্গে শিক্ষামন্ত্রী বলেন, এবার এইচএসসি পরীক্ষার প্রায় ২৩ হাজার খাতা পুনর্নিরীক্ষণ করা হয়েছে। পরীক্ষকদের নিয়মের মধ্যে আনা হচ্ছে। খাতায় কিছু না লিখেও নম্বর পাওয়ার সুযোগ আর থাকবে না। শিক্ষার্থীদের ভালো ফল করতে হলে পড়াশোনা করেই তা অর্জন করতে হবে। তাঁর দাবি, এসএসসি ও এইচএসসি পরীক্ষায় কোথাও প্রশ্নপত্র ফাঁস হয়নি এবং ভবিষ্যতেও এমন ঘটনা ঘটতে দেওয়া হবে না।

শিক্ষার্থীদের জন্য সরকারের বিভিন্ন পরিকল্পনার কথাও তুলে ধরেন তিনি। জানান, প্রধানমন্ত্রী শিক্ষা মন্ত্রণালয়কে সাড়ে তিন লাখ বাইসাইকেল কেনার নির্দেশনা দিয়েছেন। সারা দেশের মেয়েদের মধ্যে এসব সাইকেল বিতরণ করা হবে। পাশাপাশি শিক্ষার্থীদের দেওয়া হবে ৩০ হাজার কম্পিউটার। আগামী বছরের শুরু থেকে প্রতিটি প্রাথমিক বিদ্যালয়ে প্রতিদিন ৩৮ টাকা ৫০ পয়সার মিড ডে মিল এবং নতুন পোশাক দেওয়ার পরিকল্পনা রয়েছে। বাড়ানো হবে বৃত্তির টাকার পরিমাণও।

শিক্ষামন্ত্রী আরও জানান, আগামী ২৪ ডিসেম্বর সব শ্রেণির পরীক্ষার ফল প্রকাশ করা হবে। একই দিন শিক্ষার্থীদের হাতে পরবর্তী শ্রেণির নতুন বই তুলে দেওয়া হবে।

অনুষ্ঠানে কলেজের অধ্যক্ষ অধ্যাপক মো. শফিক নেওয়াজ তালুকদার সভাপতিত্ব করেন। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন জাতীয় সংসদের হুইপ ও স্থানীয় সংসদ সদস্য অ্যাডভোকেট এম রুহুল কুদ্দুস তালুকদার দুলু, শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের সিনিয়র সচিব আব্দুল খালেক, মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক ড. খান মইনুদ্দিন আল মাহমুদ সোহেল, নাটোর জেলা পরিষদের প্রশাসক ও জেলা বিএনপির আহ্বায়ক রহিম নেওয়াজ এবং অধিদপ্তরের কলেজ ও প্রশাসন পরিচালক অধ্যাপক মো. নাজমুল হক। বক্তব্য দেন কলেজের শিক্ষক পরিষদের সাধারণ সম্পাদক অধ্যাপক মো. সেলিম উদ্দিন। এ সময় নাটোরের পুলিশ সুপার মোহাম্মদ শরীফুল হক ও অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট আবুল হায়াত উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে হুইপ অ্যাডভোকেট এম রুহুল কুদ্দুস তালুকদার দুলু বলেন, আওয়ামী লীগ সরকারের সময়ে সাদা কাগজ জমা দিয়েও জিপিএ-৫ এবং কিছু লিখে জমা দিলে গোল্ডেন-৫ পাওয়া যেত। সেই পরিস্থিতি আর নেই। বিএনপির আমলে ভালোভাবে পড়াশোনা করলেই শিক্ষার্থীরা ভালো ফল করবে, অন্যথায় নয়। তাঁর ভাষ্য, ভবিষ্যতে আওয়ামী লীগ সরকারের সময়ে এভাবে জিপিএ-৫ ও গোল্ডেন-৫ পাওয়া শিক্ষার্থীরা চাকরি পাবে না; বরং বিএনপির আমলে যারা ভালোভাবে পড়াশোনা করবে, তারাই চাকরি পাবে।

মতামত দিন