জ্বালানি নিরাপত্তায় ৮ হাজার কোটি টাকার তেল কিনবে সরকার।
ডিজেল আমদানিতে ২ হাজার ৪০৫ কোটি টাকা, ফার্নেস অয়েলে প্রায় ৩ হাজার ৪৯৪ কোটি এবং অকটেনে ২ হাজার ১১১ কোটি টাকা ব্যয় করতে যাচ্ছে সরকার। ২০২৭ সালের জানুয়ারি থেকে জুন পর্যন্ত ছয় মাসের জ্বালানি চাহিদা পূরণে মোট ৮ হাজার ১০ কোটি ১৩ লাখ ৬০ হাজার টাকার চারটি আমদানি প্রস্তাব অনুমোদন দেওয়া হয়েছে।
চারটি চালানের মধ্যে তিনটির পণ্য সরবরাহের দায়িত্ব পাচ্ছে সিঙ্গাপুরভিত্তিক প্রতিষ্ঠান ট্রাফিগুরা পিটিই লিমিটেড। বাকি চালানের জন্য সুপারিশ করা হয়েছে ইউনিপ্যাক সিঙ্গাপুর পিটিই লিমিটেডকে।
আমদানির ব্যয়ের বড় অংশ যাচ্ছে ১৮০ সিএসটি হাই-সালফার ফার্নেস অয়েলে। এ পণ্য কিনতে বরাদ্দ রাখা হয়েছে ৩ হাজার ৪৯৩ কোটি ৬১ লাখ ৪০ হাজার টাকা। ডিজেলের দুটি চালানের জন্য ব্যয় ধরা হয়েছে যথাক্রমে ৯৬০ কোটি ৪০ লাখ ৯০ হাজার এবং ১ হাজার ৪৪৪ কোটি ৯৭ লাখ ১০ হাজার টাকা। আর ৯৫ রিসার্চ অকটেন নম্বরের আনলেডেড গ্যাসোলিন আমদানিতে খরচ হবে ২ হাজার ১১১ কোটি ১৪ লাখ ২০ হাজার টাকা।
আমদানির প্রস্তাবগুলোতে প্যাকেজ নম্বর নির্ধারণ করা হয়েছে পিজিসি-০৩/১এইচ২০২৭, পিজিসি-০৪/১এইচ২০২৭, পিজিসি-০৫/১এইচ২০২৭ ও পিজিসি-০৬/১এইচ২০২৭। এর মধ্যে প্রথম দুটি ডিজেল, তৃতীয়টি ফার্নেস অয়েল এবং চতুর্থটি অকটেন আমদানির জন্য। ডিজেলের ক্ষেত্রে ০.০০৫ শতাংশ সালফারযুক্ত গ্যাস অয়েল আমদানির পরিকল্পনা রয়েছে।
বুধবার (২৫ নভেম্বর) অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরীর সভাপতিত্বে সরকারি ক্রয়সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির ৫৪তম সভায় এসব প্রস্তাব অনুমোদিত হয়। বৃহস্পতিবার (২৬ নভেম্বর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি জানানো হয়েছে।
জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগ থেকে প্রস্তাবগুলো সভায় উপস্থাপন করা হয়। আগামী বছরের প্রথমার্ধে দেশের জ্বালানি সরবরাহ সচল রাখা এবং চাহিদা পূরণের লক্ষ্যেই এই আমদানির অনুমোদন দেওয়া হয়েছে।
সূত্র: বাসস।

মতামত দিন