রমজানের আগে বাড়ল সয়াবিন তেলের দাম।
আসন্ন রমজানে ভোজ্যতেলের সরবরাহ স্বাভাবিক রাখার প্রস্তুতির মধ্যে দেশের বাজারে সয়াবিন তেলের দাম বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে সরকার ও ব্যবসায়ীরা। নতুন সিদ্ধান্তে প্রতি লিটার বোতলজাত ও খোলা সয়াবিন তেলের দাম ৩ টাকা করে বেড়েছে।
দাম সমন্বয়ের পেছনে আন্তর্জাতিক বাজারের পরিস্থিতি ও আমদানি ব্যয় বৃদ্ধির বিষয়টি সামনে এনেছেন সংশ্লিষ্ট ব্যবসায়ীরা। তাদের ভাষ্য, গত ২ সেপ্টেম্বর সর্বশেষ ভোজ্যতেলের দাম সমন্বয় করা হয়েছিল। এরপর আন্তর্জাতিক বাজারে সয়াবিন ও পাম তেলের দর বাড়লেও দেশের বাজারে দাম অপরিবর্তিত ছিল। এতে আমদানি ও সরবরাহ কার্যক্রম স্বাভাবিক রাখা কঠিন হয়ে পড়ছিল।
নতুন মূল্য অনুযায়ী, বোতলজাত সয়াবিন তেলের প্রতি লিটারের দাম ২০৪ টাকা থেকে বেড়ে ২০৭ টাকা হয়েছে। পাঁচ লিটারের বোতলের দাম ১ হাজার টাকা থেকে বাড়িয়ে ১ হাজার ১৫ টাকা নির্ধারণ করা হয়েছে। অন্যদিকে খোলা সয়াবিন তেলের লিটারপ্রতি দাম ১৮৫ থেকে বেড়ে ১৮৮ টাকা হয়েছে। খোলা পাম তেল বিক্রি হবে আগের মতোই ১৬৬ টাকা লিটারে।
বৃহস্পতিবার (২৬ নভেম্বর) বাণিজ্য মন্ত্রণালয়ে অনুষ্ঠিত এক পর্যালোচনা সভায় এসব সিদ্ধান্ত নেওয়া হয়। বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদিরের সভাপতিত্বে সভায় ভোজ্যতেলের মজুত, আমদানি, আন্তর্জাতিক বাজারদর এবং ঋণপত্র (এলসি) খোলার পরিস্থিতি নিয়ে আলোচনা হয়। বাংলাদেশ ট্রেড অ্যান্ড ট্যারিফ কমিশন এসব বিষয়ে তথ্য উপস্থাপন করে।
সভায় ব্যবসায়ীরা রমজানের আগে পর্যাপ্ত তেলের মজুত ও নিরবচ্ছিন্ন সরবরাহ নিশ্চিত করার ওপর গুরুত্ব দেন। আন্তর্জাতিক বাজারের সঙ্গে সামঞ্জস্য রেখে মূল্য সমন্বয়ের দাবি জানান তারা। পরে সার্বিক পরিস্থিতি বিবেচনায় সর্বসম্মতিক্রমে নতুন দাম নির্ধারণ করা হয়।
এদিকে মূল্যবৃদ্ধির পাশাপাশি বাজারে তেলের কৃত্রিম সংকট ও অবৈধ মজুত ঠেকানোর বিষয়েও সতর্ক অবস্থান নিয়েছে মন্ত্রণালয়। সরকার নির্ধারিত দামের বেশি মূল্যে বিক্রি বন্ধে জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তর ও জেলা প্রশাসনকে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। সরবরাহ স্বাভাবিক রাখতেও ব্যবসায়ীদের প্রয়োজনীয় নির্দেশনা দেওয়া হয়েছে।
বৈঠকে বাণিজ্য মন্ত্রণালয় ও ভোজ্যতেল খাতের সংশ্লিষ্ট প্রতিনিধিরা অংশ নেন। উপস্থিত ছিলেন বাংলাদেশ ট্রেড অ্যান্ড ট্যারিফ কমিশনের চেয়ারম্যান নাসির উদ দৌলা এবং বাণিজ্য মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব (সচিবের রুটিন দায়িত্ব) খাদিজা নাজনীনসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা।

মতামত দিন